নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি থেকে বাংলাবাজার-অলিপুরা সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যা স্থানীয়দের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, এ রাস্তায় ছোট-বড় অনেক গর্ত তৈরি হয়েছে এবং পিচ-খোয়া উঠে যাওয়ায় শুষ্ক মৌসুমে ধূলিঝড় এবং সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে মরণফাঁদে পরিণত হয়। এই রাস্তায় অটোরিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহন খুব ঝুঁকি নিয়ে চলাচল করে, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. মোহন মিয়া জানায়, সোনারগাঁ উপজেলা প্রশাসন, উপজেলা হাসপাতাল, সোনারগাঁ থানা, খাদ্যগুদাম, সাবরেজিস্টা অফিসসহ সরকারি সকল দপ্তর এবং উপজেলা ও জেলার একমাত্র সংযোগ সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি অনুপযোগী হওয়ায় চরম ভোগান্তিতে আছে চলাচলরত যাত্রী ও পথচারীরা। রাস্তাটি অতিদ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তিনি।
স্থানীয় ব্যবসায়ী জানান, এ রাস্তায় চলতে গিয়ে প্রতিদিন দুর্ঘটনার ঘটনা ঘটে এবং অনেকেই আহত হন। এছাড়া এ রাস্তা দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে মালামাল বহন করতে হয়।
অটোচালক অহিদুল্লাহ বলেন, বৃষ্টি হলে রাস্তায় অতিরিক্ত পানি জমার কারণে ঘনঘন গাড়ি নষ্ট হয়। অনেক সময় অটো উল্টে গিয়ে যাত্রীরা আহত হচ্ছেন। দ্রুত রাস্তাটির সংস্কার করা দরকার।
সনমান্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম টিক্কা জানান, রাস্তা সংস্কারের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি। খুব দ্রুত বরাদ্দ অনুযায়ী কাজ শুরু হবে। তবে জনগণের কথা চিন্তা করে আমরা নিজস্ব তহবিল থেকে চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় সংস্কার করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









