বরিশাল নগরীতে মায়ের জন্য খিচুরি কিনতে বের হয়ে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী সৌরভ দাস শানকে চারদিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় থাকা পরিবারে ছেলেকে ফিরে পাওয়ায় স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উদ্ধার হওয়া শানকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে নিয়ে আসা হয়।
এ সময় তার মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন সংবাদ সম্মেলনে উদ্ধারের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
পুলিশ জানায়, গত ২ মে রাত সাড়ে ৯টার দিকে সৌরভ দাস শান মায়ের মোবাইল ফোন নিয়ে বাসা থেকে খিচুরি কিনতে বের হয়। পরে নগরীর ভাটিখানা মন্দির এলাকার একটি বিকাশ এজেন্টের দোকান থেকে ৮ হাজার টাকা উত্তোলন করে। খিচুরির অর্ডার দিয়ে কিছুক্ষণ আশপাশে হাঁটাহাঁটির সময় সে নিখোঁজ হয়ে যায়।
পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে শানের কোনো খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে কাউনিয়া থানা পুলিশসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে অভিযান চালানো হয়।
একপর্যায়ে ৬ মে কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকা থেকে শানকে উদ্ধার করতে সক্ষম হয় কক্সবাজার থানা পুলিশ। পরে কাউনিয়া থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে তাকে বরিশালে ফিরিয়ে আনে।
সংবাদ সম্মেলনে শান জানায়, টাকা উত্তোলনের পর খিচুরির অর্ডার দিয়ে সামনে হাঁটার সময় এক ব্যক্তি তার হাতে একটি কাগজ দিয়ে ঠিকানা জানতে চান। এরপর কী ঘটেছে তা তার মনে নেই বলে জানায় সে।
পুলিশের দাবি, ঘটনাটির পেছনে অন্য কোনো রহস্য বা অপরাধচক্র জড়িত রয়েছে কি না তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিষয়টির সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, চারদিন পর সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শানের মা ও স্বজনরা। তারা উদ্ধার অভিযানে জড়িত পুলিশ প্রশাসন ও সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









