রংপুরের গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের চওড়া পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে কয়েক শ মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধের অভিযোগ উঠেছে। এতে চরম উৎকণ্ঠা ও ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মণ্ডলের হাট সড়কসংলগ্ন চওড়া পাড়ায় পাকা সড়ক থেকে উত্তর ও পশ্চিম দিকে বিস্তৃত প্রায় ১২ ফুট প্রশস্ত ও ১ হাজার ২০০ গজ দীর্ঘ রাস্তাটি প্রায় ২৭ থেকে ২৮ বছর আগে সরকারি অর্থায়নে নির্মিত হয়। দীর্ঘদিন ধরে কয়েক শ পরিবার এই পথ ব্যবহার করে দৈনন্দিন চলাচল করে আসছে।
এলাকাবাসীর অভিযোগ, গত ২৮ এপ্রিল বিকেলে কয়েকজন ব্যক্তি ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে রাস্তাটির ওপর জোরপূর্বক ১০টি খুঁটি স্থাপন করেন। এতে অটোভ্যানসহ বিভিন্ন যানবাহনের চলাচল ব্যাহত হয়। এতে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষসহ সাধারণ বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন।
স্থানীয়দের আশঙ্কা, ভবিষ্যতে সেখানে প্রাচীর নির্মাণ করে পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হতে পারে। এমন পরিস্থিতিতে তাদের চলাচলের পথ সংকুচিত হয়ে পড়বে।
অভিযোগ রয়েছে, শুক্রবার (৮ মে) দুপুরে আবারও ইট ফেলে রাস্তা বন্ধের চেষ্টা করা হয়। খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। রাস্তা বন্ধের পায়তারার অভিযোগ উঠেছে ওই এলাকার ইলিয়াস আলী, ইউনুস আলী, মোখলেছুর রহমান ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে।
এদিকে রাস্তার পাশেই একটি নতুন মহিলা মাদ্রাসার নির্মাণকাজ চলছে। এলাকাবাসীর ভাষ্য, রাস্তা বন্ধ হয়ে গেলে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হবে। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিয়ে উদ্বেগ বাড়বে।
এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম বলেন, ‘‘দীর্ঘদিন ধরে জনসাধারণ কোনো জায়গা দিয়ে চলাচল করলে সেটি সহজে বন্ধ করা যায় না। রবিবার (১০ মে) ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, এটি শুধু একটি রাস্তার প্রশ্ন নয়; এটি কয়েক শ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও চলাচলের অধিকার রক্ষার বিষয়। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে জনসাধারণের পথ উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









