তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি। বিশেষ করে বিয়ে নিয়ে কোনো তারকা মুখ খুললেই বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা। এবার নিজের বিয়ে ও জীবনসঙ্গী নিয়ে ভাবনার কথা জানালেন অভিনেত্রী কেয়া পায়েল।
গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে চিত্রনায়ক আরিফিন শুভ ও কেয়া পায়েল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে পোস্ট দেওয়ার পর বেশ আলোচনায় আসেন। হঠাৎ এমন পোস্ট দেখে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো গোপনে বিয়ে করেছেন তারা। পরে অবশ্য জানা যায়, সেটি বাস্তব জীবনের কোনো ঘোষণা নয়; বরং পর্দায় তাদের নতুন কাজের গল্পের ইঙ্গিত।
সোমবার তাদের অভিনীত ‘হ্যাপিলি ম্যারিড’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিয়ে নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন কেয়া পায়েল।
অভিনেত্রী জানান, বিয়ের ক্ষেত্রে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস ও পারস্পরিক সম্মান। জীবনসঙ্গী বাছাইয়ের সময় বাহ্যিক পরিচয় কিংবা কোন জেলার মানুষ—এসবের চেয়ে মানুষ হিসেবে কেমন, সেটিই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
কেয়া পায়েল বলেন, “সম্পর্কে সবচেয়ে বড় দরকার হলো বিশ্বাস, দুইজন মানুষের মধ্যে সম্মান। জেলা দেখে বিয়ে করবো না মানুষ দেখে বিয়ে করবো। বিয়ে নিয়ে এতো কিছু ভাবি না, শুধু এটাই ভাবি যে এমন একজন মানুষকে চাই যাকে নিয়ে সারাটা জীবন একসাথে থাকতে পারি।”
‘হ্যাপিলি ম্যারিড’ আগামী ৭ অক্টোবর রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে। জাহিদ প্রীতম পরিচালিত সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল।
সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, তুষার খান, দীপা খন্দকার, ক্রিস্টিয়ানো তন্ময়, উম্মে জামিলাতুন নাঈমা, পারভেজ সুমন ও টুইংক ক্যারল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









