নীলফামারীর কিশোরগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে পচা ডিম, নিম্নমানের কলা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
এর আগে গত ৪ মে দৈনিক এদিন পত্রিকা ও অনলাইনে ‘কিশোরগঞ্জে স্কুলে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সেদিনই ইউএনও স্বাক্ষরিত এক নোটিশে তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির নোটিশে বলা হয়, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় বিভিন্ন সংবাদপত্রে কিশোরগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমে পচা ডিম সরবরাহ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। বিষয়টি যথাযথভাবে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিম্নবর্ণিত তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।
এতে আরও বলা হয়, উক্ত অভিযোগের বিষয়ে জরুরি ভিত্তিতে সরেজমিনে তদন্তপূর্বক মতামতসহ প্রতিবেদন আগামী সাত কর্মদিবসের মধ্যে দাখিলের জন্য তদন্ত কমিটিকে বলা হলো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, ‘‘একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









