গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘সুকান্ত মেলা’। আজ বৃহস্পতিবার (১৪ মে) মেলার দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে।
এর আগে গতকাল বুধবার (১৩ মে) বিকেলে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কবির বিপ্লবী চেতনা ও সাহিত্যকর্মের ওপর আলোকপাত করেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় কবির প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন করা হয়। পরে কোটালীপাড়া উদীচী ও শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে কবির জীবন ও সাহিত্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি আদর্শ কলেজের প্রভাষক প্রিন্স আহমেদ।
সুকান্ত মেলা উপলক্ষে কবির পৈতৃক ভিটা ঊনশিয়া গ্রামে গ্রামীণ উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। মেলার মাঠে গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন স্টল ও বাহারি খাবারের দোকান বসানো হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা কবিভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।
উল্লেখ্য, ১৯২৬ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করা এই বিপ্লবী কবি মাত্র ২১ বছর বয়সে ১৯৪৭ সালের ১৩ মে মৃত্যুবরণ করেন। স্বল্প সময়ের জীবনকালেও তিনি বাংলা সাহিত্যে মার্কসবাদী ভাবধারা ও প্রগতিশীল চেতনার এক অনন্য স্বাক্ষর রেখে গেছেন। আগামী কাল শুক্রবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা শেষ হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









