নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর জেনারেল হাসপাতালের (ডিজিএইচ) উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের (আরএমটি) উদ্যোগে প্রতিষ্ঠিত হাসপাতালটির উদ্বোধন করা হয়।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দীপু) এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এ ছাড়া হাসপাতাল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘৫ আগস্টের আগে যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে পালিয়ে গেছেন।’
তিনি আরও বলেন, পটকাবাজি, বোমাবাজি, বাসে আগুন দেওয়া ও মানুষকে উসকে দেওয়া আওয়ামী লীগের ইতিহাস। হোটেল শেরাটনের সামনে দোতলা বাসে আগুন দিয়ে মানুষ পোড়ানোর ঘটনাও স্মরণ রাখতে হবে। আওয়ামী লীগ আবারও আগুন-সন্ত্রাস শুরু করেছে। তারা দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। জনগণকে সঙ্গে নিয়ে তাদের রুখে দিতে হবে। বিএনপি সরকার মানুষের ভাগ্য উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
আয়োজকেরা জানান, এলাকার সাধারণ মানুষের কাছে সহজে আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যেই হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় মানুষের চিকিৎসাসেবা পেতে সময়, অর্থ ও ভোগান্তি কমবে বলে আশা তাদের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









