সাবেক সংসদ সদস্য, জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন এবং তার পরিবারের সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ব্যাংক হিসাব অবরুদ্ধ থাকায় প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন দেওয়া, নিজের পেনশনের অর্থ উত্তোলন এবং দৈনন্দিন জীবনযাপন নিয়ে তীব্র আর্থিক সংকট ও আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এসব অভিযোগ করেন এই সাবেক সংসদ সদস্য।
ভিডিও বক্তব্যে আখতারুজ্জামান রঞ্জন বলেন, ‘‘ঢাকা বিমানবন্দরে প্রতিবাদ জানানোর জেরে গত ২ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বাসা থেকেগ্রেপ্তার করা হয়। এরপর গত ৮ নভেম্বর ব্যাংকে চেক দিয়ে টাকা তুলতে গেলে লেনদেন বন্ধ থাকার বিষয়টি নজরে আসে। পরবর্তীতে গত মঙ্গলবার ব্যাংকে গিয়ে ব্যবস্থাপকের সাথে দেখা করলে এনবিআরের চিঠির বিষয়টি সামনে আসে।’’
তিনি বলেন, ‘‘জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গত ৬ অক্টোবর পাঠানো একটি চিঠির প্রেক্ষিতে গত ৯ অক্টোবর সোনালী ব্যাংকে থাকা ব্যক্তিগত, পারিবারিক এবং কোম্পানির ব্যাংক হিসাবগুলো জব্দ করা হয়।’’
ব্যাংক হিসাব জব্দের ফলে আর্থিক সংকটের আশঙ্কা প্রকাশ করে আখতারুজ্জামান রঞ্জন বলেন, ‘‘এই পরিস্থিতির কারণে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছি।’’ টাকা না তুলতে পারলে শ্রমিকদের বেতন পরিশোধ করা এবং নিজেরা চলবেন কীভাবে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তিনি আরো জানান, তার হালনাগাদসহ ট্যাক্সের ফাইল জমা দেওয়া আছে। এরপরও তাদের ব্যাংক হিসাব কেন জব্দ করা হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
ব্যাংক হিসাব জব্দের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজের ও পরিবারের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান সাবেক এই সংসদ সদস্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









