রংপুরের গঙ্গাচড়ার চরাঞ্চলে সেতু না থাকায় প্রায় ১২ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ করতে সেখানে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক ইসরাত জাহানের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি জানান স্থানীয় ব্যক্তিরা। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এডিপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জেসমিন আক্তার।
স্থানীয় বাসিন্দারা জানান, চরাঞ্চলে প্রায় ১২ হাজার মানুষের বসবাস। সেখানে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু উন্নত যোগাযোগব্যবস্থা না থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে নিয়মিত ভোগান্তিতে পড়তে হয়। একটি সেতু নির্মাণ করা হলে যাতায়াত, শিক্ষা ও নাগরিক সেবা গ্রহণ সহজ হবে।
জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, চরাঞ্চলের মানুষের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। কোনো শিক্ষার্থী যাতে ঝরে না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি সন্তানদের বাল্যবিবাহ ও মাদক থেকে দূরে রাখতে পরিবারকে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।
সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া, বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা হয়। এসব সমস্যা মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুর ইসলাম। বক্তব্য দেন বিআরডিবির উপপরিচালক নুরেলা আকতার, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা জামায়াতের আমির নায়েবুজ্জামান ও সেক্রেটারি সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভা শেষে ৫০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়।
এর আগে সকালে উপজেলার মহিপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে কিশোরী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। সেখানে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে আলোচনা হয়। এ সময় কিশোরীদের মধ্যে বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন, শিক্ষা উপকরণ ও সঞ্চয়ের চেক বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









