রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাথরঘাটায় কোরবানির পশুর উদ্বৃত্ত সরবরাহ, ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তা

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০১:১০ পিএম

আপডেট: ১৬ মে ২০২৬, ০১:১০ পিএম

পাথরঘাটায় কোরবানির পশুর উদ্বৃত্ত সরবরাহ, ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলাজুড়ে এখন কোরবানির পশু লালন-পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, কেউ গরুকে গোসল করাচ্ছেন, কেউ খড়-কাঁচা ঘাস কেটে খাবার প্রস্তুত করছেন, আবার কেউ পশুর স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যায় ব্যস্ত। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে পশু পরিচর্যার কাজ। তবে ঈদকে ঘিরে পশু প্রস্তুতির এই ব্যস্ততার মাঝেও খামারিদের চোখেমুখে স্পষ্ট উদ্বেগ। চাহিদার তুলনায় অতিরিক্ত পশু প্রস্তুত থাকায় ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।

প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারের ঈদুল আজহায় পাথরঘাটায় কোরবানির পশুর চাহিদা ধরা হয়েছে ৮ হাজার ৪৯৫টি। এর বিপরীতে উপজেলাজুড়ে প্রস্তুত রয়েছে ৯ হাজার ৯৭৯টি পশু। এর মধ্যে গরু ও মহিষ ৬ হাজার ১৬টি এবং ছাগল-ভেড়া ৩ হাজার ৯৬৩টি। চাহিদার তুলনায় অতিরিক্ত রয়েছে ১ হাজার ১৫৯টি পশু। যদিও গত বছরের তুলনায় এবার পশু প্রস্তুতের সংখ্যা কমেছে ৮২টি।

স্থানীয় খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক বছরে পশুখাদ্য, ভুসি, খৈল, খড়, ওষুধ ও শ্রমিকের খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে একটি গরু প্রস্তুত করতে আগের চেয়ে অনেক বেশি ব্যয় হচ্ছে। অনেক খামারি ব্যাংক ঋণ বা এনজিও থেকে টাকা নিয়ে খামার পরিচালনা করছেন। তাই ঈদের বাজারে কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের আশঙ্কা করছেন তারা।

পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের আমার স্বপ্ন গবাদি পশু খামার এর মালিক স্বর্ণা বলেন, আমার খামারে বর্তমানে ৩৫টি গরু রয়েছে। এর মধ্যে ১২টি কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিটি গরুর পেছনে অনেক খরচ হয়েছে। গরুর খাবারের দাম কয়েক মাস ধরে বেড়েই চলেছে। এখন বাজারে যদি ভালো দাম না পাই, তাহলে লাভ তো দূরের কথা, খরচ ওঠানোই কঠিন হয়ে যাবে।

তিনি আরও বলেন,আমরা দেশীয় পদ্ধতিতে গরু লালন-পালন করি। কোনো ক্ষতিকর ইনজেকশন বা স্টেরয়েড ব্যবহার করি না। কিন্তু বাজারে অতিরিক্ত পশু এলে ক্রেতারা কম দামে কিনতে চান। এতে ছোট খামারিরাই বেশি ক্ষতিগ্রস্ত হন।

একই ধরনের শঙ্কা প্রকাশ করেন আরেক খামারি বদিউজ্জামান সাহেদ। তিনি বলেন,আমাদের ফার্মে ৫০ থেকে ৬০টি গরু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ করা হয়েছে। কিন্তু বাজারে যদি ভারতীয় বা চোরাই পথে আসা পশু প্রবেশ করে, তাহলে দেশীয় খামারিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।

খামারিরা জানান, কয়েক বছর আগেও ঈদের আগে ভারতীয় গরু সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করত। এতে স্থানীয় বাজারে পশুর দাম কমে যেত। যদিও সরকার এখন সীমান্তে নজরদারি বাড়িয়েছে, তবুও চোরাই পথে পশু প্রবেশের শঙ্কা পুরোপুরি কাটেনি।

এদিকে উপজেলার বিভিন্ন হাট-বাজারেও ঈদকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়েছে। ব্যবসায়ীরা জানান, ঈদের এক থেকে দেড় সপ্তাহ আগে বাজার পুরোপুরি জমে উঠবে। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে পাইকাররা খামারে খামারে ঘুরে পশু দেখছেন। তবে এখনো কাঙ্ক্ষিত দামে বেচাকেনা শুরু হয়নি।

প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পশু নিশ্চিত করতে তারা নিয়মিত খামার তদারকি করছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরবিন্দু দাস বলেন,এ বছর উপজেলায় কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। খামারিরা এখন অনেক সচেতনভাবে পশু পালন করছেন। প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন,কোরবানির পশু মোটাতাজাকরণে ক্ষতিকর রাসায়নিক বা স্টেরয়েড ব্যবহার বন্ধে আমাদের নজরদারি রয়েছে। এছাড়া খামারিদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের প্রণোদনাও দেওয়া হয়েছে। আশা করছি, এবারের কোরবানির বাজারে খামারিরা তাদের পশুর ন্যায্যমূল্য পাবেন।

বাংলাদেশ এগ্রো এসোসিয়েশনের বরগুনা শাখার সদস্য লিয়াকত ফরাজী বলছেন, দেশে কোরবানির পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পেছনে গ্রামীণ খামারিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের স্বার্থ রক্ষা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিং, চোরাই পশু প্রবেশ বন্ধ এবং খামারিদের সহজ ঋণ সুবিধা নিশ্চিত করা জরুরি। অন্যথায় ক্ষুদ্র ও মাঝারি খামারিরা ধীরে ধীরে এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন বলে আশঙ্কা করছেন তারা।

দী/ব/কাও

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.