নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি)-এ দিনব্যাপী সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৬ মে) দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ওই কর্মশালায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট-এর যৌথ উদ্যোগে, সিএসই বিভাগের ব্যবস্থাপনায় কর্মশালাটি আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নেটওয়ার্ক নিরাপত্তা সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদান এবং আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা উন্নয়ন ছিল কর্মশালার মূল উদ্দেশ্য।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের নেটওয়ার্কিং অ্যান্ড সাইবার সিকিউরিটি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাফসান আনোয়ার। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট ও সিনিয়র ফ্যাকাল্টি শিহাব হোসেন রাফাত। তাঁরা সাইবার নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোবারক হোসেন মজুমদার, পিএসসি । সভাপতিত্ব করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. নাকীব হায়াৎ চৌধুরী। কর্মশালার আহ্বায়ক ও আয়োজক কমিটির সভাপতি ছিলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. এস. এম. জাহাঙ্গীর আলম।
দিনব্যাপী চারটি পৃথক সেশনের মাধ্যমে কম্পিউটার ও নেটওয়ার্ক সিকিউরিটি ফান্ডামেন্টালস, ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ইনসিডেন্ট রেসপন্স এবং সাইবার নিরাপত্তা খাতে ক্যারিয়ার গঠন বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক বিভিন্ন সাইবার ঝুঁকি মোকাবিলার কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে সাইবার নিরাপত্তা বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









