“নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন-২০২৬” প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জন করে বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
শিক্ষার্থীরা হলো, বিদ্যালয়ের মহুয়া মিম স্নিগ্ধা (১০ম শ্রেণি) এবং সাদিয়া তাসনিম মৌসি (৯ম শ্রেণি)। তাদের এ অর্জনে বিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
জানা গেছে, কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তারা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ অর্জন করেছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও তারা সমানভাবে কৃতিত্ব দেখিয়ে সহপাঠীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার বলেন, “প্রধান শিক্ষক হিসেবে আমি গর্বিত। ওরা যেমন পড়াশোনায় মেধাবী, তেমনি খেলাধুলাতেও অসাধারণ। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি তাদের মা-বাবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “জাতীয় পর্যায়ে যেন তারা চ্যাম্পিয়ন হতে পারে, সে জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা তাদের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং জাতীয় পর্যায়েও তারা সফলতা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









