সাতক্ষীরায় বজ্রপাতে কামরুন নাহার ছবি নামের এক নারী আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে শহরের রাজাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুন নাহার ছবি রাজাবাগান এলাকার ক্রিকেট প্রশিক্ষক একরামুল ইসলাম লালুর স্ত্রী। তিনি সাতক্ষীরা জজকোর্টের একজন কর্মরত আইনজীবী ছিলেন।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঝড়-বৃষ্টির সময় তিনি বাড়ির সামনে আমবাগানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভগ্নিপতি আইনজীবী ফাহিমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমবাগানে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি প্রাণ হারান।"
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুর রহমান জানান, বজ্রপাতের শিকার ওই আইনজীবীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
আইনজীবী কামরুন নাহার ছবির এই আকস্মিক ও অকাল মৃত্যুতে সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী সমাজ এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









