সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় পে-স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়; এটি তাদের জীবনযাত্রার মান, কর্মপ্রেরণা এবং রাষ্ট্রীয় প্রশাসনের দক্ষতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিন পর নতুন পে-স্কেল প্রণয়নের উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। কিন্তু বাস্তবায়ন নিয়ে দীর্ঘসূত্রতা, পরিকল্পনার বারবার পরিবর্তন এবং সুস্পষ্ট সময়সূচির অভাবে প্রায় ২১ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীর মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দ্রুত দূর করা প্রয়োজন।
সরকারের সামনে বাস্তবতা কঠিন। উচ্চ মূল্যস্ফীতি, সীমিত রাজস্ব আয়, বড় বাজেট ঘাটতি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে নতুন পে-স্কেল বাস্তবায়ন একটি বড় আর্থিক সিদ্ধান্ত। একই সঙ্গে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর উদ্বেগ, প্রযুক্তিগত প্রস্তুতি এবং আইবাস প্লাসের মতো ডিজিটাল বেতন ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তনও সহজ কাজ নয়। ফলে বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করার প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই।
এটিও সত্য যে, দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে, বর্তমান বেতন কাঠামো অনেক ক্ষেত্রেই সরকারি চাকরিজীবীদের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের ঊর্ধ্বগতি সরকারি কর্মচারীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। এই বাস্তবতায় নতুন পে-স্কেল বিলম্বিত হলে কর্মীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা আরও বাড়বে, যা প্রশাসনিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
উদ্বেগের আরেকটি বিষয় হলো বাস্তবায়ন কৌশল নিয়ে বারবার সিদ্ধান্ত পরিবর্তন। কখনো তিন ধাপ, কখনো দুই ধাপ, আবার তিন ধাপের নতুন পরিকল্পনা এ ধরনের পরিবর্তন সংশ্লিষ্টদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। সরকার যদি বাস্তবায়ন ধাপে ধাপে করতেই চায়, তবে তার যৌক্তিকতা, সময়সূচি এবং প্রতিটি ধাপের আর্থিক প্রভাব স্পষ্টভাবে জনসম্মুখে তুলে ধরা উচিত। স্বচ্ছতা ও পূর্বঘোষিত রোডম্যাপ অনিশ্চয়তা অনেকটাই কমিয়ে দিতে পারে।
একই সঙ্গে নিশ্চিত করতে হবে, নতুন পে-স্কেল বাস্তবায়নের ফলে কোনো কর্মকর্তা বা কর্মচারীর প্রকৃত আয় যেন কমে না যায় কিংবা বৈষম্যের সৃষ্টি না হয়। কমিশনের সুপারিশ, ইনক্রিমেন্ট, ভাতা এবং বিদ্যমান বেতন কাঠামোর মধ্যে এমন সমন্বয় প্রয়োজন, যাতে সংস্কারের মূল উদ্দেশ্য- ন্যায্য ও বাস্তবসম্মত বেতন নিশ্চিত করা- ব্যাহত না হয়।
সরকার ইতোমধ্যে বাজেটে উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ রেখেছে। এটি ইতিবাচক বার্তা বহন করে। এখন প্রয়োজন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে গেজেট প্রকাশ করা। কারণ, দীর্ঘ অনিশ্চয়তা যেমন সরকারি কর্মচারীদের আস্থাকে ক্ষুণ্ণ করে, তেমনি সরকারের নীতিনির্ধারণী সক্ষমতা সম্পর্কেও প্রশ্ন তৈরি করে।
অর্থনৈতিক বাস্তবতা ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখা যেমন জরুরি, তেমনি সরকারি কর্মচারীদের ন্যায্য প্রত্যাশাকেও গুরুত্ব দিতে হবে। তাই নতুন পে-স্কেল বাস্তবায়নে অযথা বিলম্ব না করে একটি বাস্তবসম্মত, স্বচ্ছ ও টেকসই সিদ্ধান্ত নেওয়াই হবে সময়ের দাবি। অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দ্রুত গেজেট প্রকাশই এখন সবচেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









