বিদেশে কর্মসংস্থান বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। প্রতিবছর লাখো মানুষ উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমান। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে, সচল রাখে অসংখ্য পরিবার। অথচ বিদেশে কাজ করতে যাওয়ার শুরুতেই যদি একজন কর্মীকে ঋণের বোঝা কাঁধে নিতে হয়, তবে সেই কর্মসংস্থানের সুফল কতটা তাঁর জীবনে পৌঁছায়, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগের মধ্যেই অভিবাসন ব্যয়ের যে বিশাল বৈষম্য সামনে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক।
সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে একজন কর্মী মালয়েশিয়ায় যেতে সম্ভাব্য দেড় লাখ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা খরচ করতে পারেন। অথচ বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো কাজের ধরনভেদে ছয় থেকে সাড়ে সাত লাখ টাকা দাবি করছে। অর্থাৎ একই গন্তব্যে যেতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ব্যয়ের মধ্যে কয়েক গুণ পার্থক্য। কাজের ধরন, নিয়োগকর্তা, প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা ও যাতায়াতের খরচে পার্থক্য থাকতে পারে। কিন্তু এসব কারণ দেখিয়ে কয়েক গুণ বেশি অর্থ আদায়ের যৌক্তিকতা নেই। বিশেষ করে, যখন এই ব্যয়ের খাতওয়ারি স্বচ্ছ হিসাব পাওয়া যাচ্ছে না।
অভিবাসন ব্যয়ের এই অস্বাভাবিক বৃদ্ধির পেছনে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের ভূমিকা নিয়ে যে অভিযোগ উঠেছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। চাকরির চাহিদাপত্র সংগ্রহ থেকে শুরু করে ভিসা প্রক্রিয়াকরণ পর্যন্ত বিভিন্ন ধাপে কমিশন যুক্ত হলে তার দায় শেষ পর্যন্ত কর্মীর ওপরই পড়ে। পাসপোর্ট জমা দেওয়ার সময় এক থেকে দুই লাখ টাকা জামানত নেওয়া এবং সাত লাখ টাকার বেশি প্রস্তুত রাখতে বলার ঘটনা শ্রমবাজারে অনিয়মের আশঙ্কাকে আরো বাড়িয়ে দেয়। বিদেশে যাওয়ার স্বপ্নে বিভোর একজন সাধারণ মানুষ নিজের জমি বিক্রি করে কিংবা উচ্চ সুদে ঋণ নিয়ে এই অর্থ জোগাড় করেন। প্রতিশ্রুত চাকরি না পেলে কিংবা বিদেশে গিয়ে প্রত্যাশিত আয় না হলে তাঁর পুরো পরিবার আর্থিক বিপর্যয়ে পড়ে।
অতীত অভিজ্ঞতাও সুখকর নয়। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ছিল ৭৮ হাজার ৯৯০ টাকা। কিন্তু বাস্তবে অনেক কর্মীকে পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। অর্থাৎ কাগজে-কলমে ব্যয় নির্ধারণ করলেই হবে না, তা কার্যকর করার সক্ষমতাও থাকতে হবে। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিলে নতুন করে শ্রমবাজার চালুর উদ্যোগও পুরনো শোষণের পুনরাবৃত্তিতে পরিণত হতে পারে।
এ ক্ষেত্রে সরকারের প্রথম দায়িত্ব হবে বাস্তবসম্মত ও খাতভিত্তিক অভিবাসন ব্যয় নির্ধারণ করা। তবে, ব্যয় নির্ধারণের নামে এজেন্সিগুলোর অযৌক্তিক দাবিকে বৈধতা দেওয়া যাবে না। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের নির্দেশনা অনুসারে, লেভি, ভিসা ও সংশ্লিষ্ট পাসের নির্দিষ্ট ফি পরিশোধের দায়িত্ব নিয়োগকর্তার। তাই নিয়োগকর্তার বহনযোগ্য খরচ কোনোভাবেই কর্মীর ওপর চাপানো হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে হবে। প্রতিটি খরচের উৎস, পরিমাণ ও দায়ী পক্ষের তথ্য প্রকাশ করা জরুরি। পাশাপাশি পুরো নিয়োগপ্রক্রিয়া ডিজিটাল ও জবাবদিহিমূলক করতে হবে।
কর্মীর অর্থ পরিশোধ, ভিসা আবেদন, চাকরির চুক্তি এবং এজেন্সির সেবামাশুলের তথ্য অনলাইনে সংরক্ষণ করতে হবে। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত বা বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা থাকতে হবে। অভিযোগ জানানোর জন্য সহজ ও কার্যকর ব্যবস্থা এবং অভিযোগ নিষ্পত্তির নির্দিষ্ট সময়সীমাও নিশ্চিত করা প্রয়োজন। মালয়েশিয়ার শ্রমবাজারে ৩১২টি রিক্রুটিং এজেন্সির পাশাপাশি ২৫টি প্রসেসিং বা সার্ভিস এজেন্সিকে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সুযোগ যেন নতুন কোনো সিন্ডিকেট তৈরির ক্ষেত্র না হয়, তা শুরু থেকেই নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সম্পূর্ণ বিনাখরচে ১০ হাজার কর্মী নিয়োগের বিষয়ে মালয়েশিয়ার নীতিগত সম্মতিকে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
মনে রাখতে হবে, শ্রমিক বিদেশে পাঠানো শুধু বৈদেশিক মুদ্রা অর্জনের বিষয় নয়; এটি মানুষের জীবন, জীবিকা ও মর্যাদার সঙ্গে সম্পর্কিত। তাই শ্রমবাজার সম্প্রসারণের সাফল্য কর্মী পাঠানোর সংখ্যায় নয়, বরং কত কম খরচে, নিরাপদে ও স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মীদের বিদেশে পাঠানো যাচ্ছে, তার ওপর নির্ভর করা উচিত। সরকারের সদিচ্ছা, কার্যকর নজরদারি এবং সিন্ডিকেটমুক্ত নিয়োগব্যবস্থাই পারে মালয়েশিয়ার শ্রমবাজারকে সাধারণ কর্মীদের জন্য সত্যিকার অর্থে সম্ভাবনার দুয়ারে পরিণত করতে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









