ভারতের কলকাতায় অভিনেতা মোশাররফ করিম-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘হেনস্তা’ অভিযোগের বিষয়টি শেষ পর্যন্ত গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই।
মঙ্গলবার (১৬ জুন) সকালে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে খবর ছড়িয়ে পড়ে যে, স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁই-কে সঙ্গে নিয়ে কলকাতায় অবস্থানকালে কিছু আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তি তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করেছেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয় এবং পরে কয়েকটি সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়।
তবে ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন উঠলে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু-এর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
পরবর্তীতে একটি গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে মোশাররফ করিম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, বাস্তবে তেমন কিছুই ঘটেনি। তিনি সবাইকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কাজ নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









