বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি এবার দেখা গেল মার্ভেল দুনিয়ার জনপ্রিয় চরিত্র স্পাইডারম্যানের সঙ্গে একই ফ্রেমে। সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট প্রকাশিত প্রায় ৪০ সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশের পর থেকেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওর শুরুতে দেখা যায়, পিটার পার্কার একটি কফিশপে বসে ফোনে কথা বলছেন। ঠিক সেই সময় একটি বিশেষ ট্র্যাকার হাতে সেখানে উপস্থিত হন মেসি। কিছুক্ষণ পর পিটার পার্কার স্পাইডারম্যানের রূপে আবির্ভূত হন এবং ভিডিওর শেষ দৃশ্যে নিউইয়র্কের আকাশে স্পাইডারম্যানের জালে দুলতে দেখা যায় মেসিকে—যা ভক্তদের জন্য বড় চমক হিসেবে ধরা দিয়েছে।
হলিউডভিত্তিক কয়েকটি সূত্রের দাবি, প্রায় ২০ সেকেন্ডের উপস্থিতির জন্য মেসি পারিশ্রমিক হিসেবে ১৫ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৫ কোটি টাকার সমান। যদিও এ বিষয়ে সনি পিকচার্স বা মেসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
ধারণা করা হচ্ছে, আসন্ন মার্ভেল সিনেমা ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’–এর প্রচারণার অংশ হিসেবেই এই ভিডিও তৈরি করা হয়েছে। যা ৩০ জুলাই মুক্তি পেতে যাচ্ছে।
ভিডিওতে মেসির হাতে দেখা যাওয়া ‘স্পাইডি ট্র্যাকার’ নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। কমিকস অনুযায়ী এটি পিটার পার্কারের তৈরি একটি ডিভাইস। যা প্রথম ডক্টর অক্টোপাসকে শনাক্ত করতে ব্যবহার করা হয়েছিল।
ট্র্যাকার স্ক্রিনে একাধিক লাল বিন্দু দেখা যাওয়ায় অনেকেই ধারণা করছেন, এটি মার্ভেলের মাল্টিভার্স কনসেপ্টের ইঙ্গিত হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
নতুন সিনেমার গল্প শুরু হবে ‘নো ওয়ে হোম’–এর ঘটনার পর, যেখানে পৃথিবী ভুলে গেছে পিটার পার্কারই স্পাইডারম্যান। এই নতুন অধ্যায়ে তার সঙ্গে দেখা যেতে পারে ‘পানিশার’ ও ‘হাল্ক’-কেও।
মেসির উপস্থিতিতে এই প্রচারণা ভিডিও ইতোমধ্যেই ফুটবল ও মার্ভেল—দুই জগতের ভক্তদের মধ্যে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









