শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুর এলাকার ৯৬টি পূজামণ্ডপ এবং অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ করেছেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে ‘আমিরুল ইসলাম খান আলিম ফাউন্ডেশন’ ও তার ব্যক্তিগত উদ্যোগে এসব অনুদান ও উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহনাজ প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম যার যার, বাংলাদেশ সবার। সবাই যেন আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম আজম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্য নাথ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয় শংকর সাহাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপহার পেয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









