ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝআকাশে দরজা খুলে যাওয়ার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স জরুরি অবতরণ করেছে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, এটি ভারতের একটি অভ্যন্তরীণ ফ্লাইট। বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে উড়ে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটির দরজা খুলে যায়। এতে এটি ঢাকার কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে অবতরণের অনুমতি চায়।
তিনি জানান, জরুরি অবতরণের পর বিমানের ভেতরে থাকা সংকটাপন্ন নারী রোগীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এয়ার অ্যাম্বুলেন্সটিতে পাইলটসহ মোট ৭ জন আরোহী ছিলেন, যাদের সবাই ভারতীয় নাগরিক। মৃত রোগীর নাম অঞ্জনা ভৌমিক। তার সাথে একজন চিকিৎসক ডা. ফিরোজ খান, একজন প্যারামেডিক এবং দুইজন স্বজন ছিলেন।
উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা।
যাত্রীতালিকার তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। এটি আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল।
জানা গেছে, মাঝআকাশে দরজা খুলে যাওয়ার পর উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপর রোগীকে দ্রুত নামিয়ে হাসপাতালে পাঠানো হয়।
তবে কী কারণে উড়োজাহাজটির দরজা খুলে গিয়েছিল এবং ওই নারীর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বিমানবন্দর সূত্র জানা গেছে, ফ্লাইটে থাকা অন্যরা সুস্থ আছেন। এটি ভারতের অভ্যন্তরীণ ফ্লাইট হওয়ায় তাদের কাছে কোনো পাসপোর্ট বা ভিসা নেই। বাংলাদেশের আইন অনুযায়ী আনুষ্ঠানিকতা শেষে তাদের দেশে পাঠানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









