বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি ২০১৪ সালে বাংলাদেশে ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার শুটিংয়ের সময় ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার কথা আবারও স্মরণ করেছেন। এক সহ-অভিনেতার সঙ্গে বাগ্বিতণ্ডা থেকে চড়-থাপ্পড় ও চুল টানাটানির সেই ঘটনার কথা তিনি ভারতীয় টেলিভিশন অনুষ্ঠান দ্য কপিল শর্মা শো-তে তুলে ধরেন।
‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমার ‘ঝেদা নশা’ গানের প্রচারে আয়ুষ্মান খুরানার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত হয়ে নোরা জানান, সুন্দরবনে শুটিং চলাকালে এক সহ-অভিনেতা তার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন।
নোরার ভাষ্য, “আমরা বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলে শুটিং করছিলাম। সেখানে এক সহ-অভিনেতা আমার সঙ্গে খারাপ আচরণ করছিলেন। তাই আমি তাকে চড় মারি।”
তিনি আরও বলেন, “এরপর সে-ও আমাকে চড় মারে এবং আমার চুল টেনে ধরে। আমিও তার চুল টানি। একপর্যায়ে বড় ধরনের ঝগড়া শুরু হলে পরিচালক এসে পরিস্থিতি সামাল দেন।”
নোরার বক্তব্য শুনে অনুষ্ঠানের সঞ্চালক কপিল শর্মা রসিকতা করে বলেন, “তার গায়ে গজব পড়ুক।” জবাবে নোরা ওই সহ-অভিনেতাকে উদ্দেশ করে বলেন, “সে সত্যিই খুব বাজে মানুষ।” তবে সেই সহ-অভিনেতার নাম তিনি কখনোই প্রকাশ করেননি।
উল্লেখ্য, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস সিনেমাটি পরিচালনা ও রচনা করেন কমল সদানা। অ্যাডভেঞ্চার-থ্রিলার ঘরানার এই সিনেমার গল্প সুন্দরবনকে কেন্দ্র করে নির্মিত। এতে ‘সিজে’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় নোরা ফাতেহির। সিনেমাটির শুটিং সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে হয়েছে এবং এতে ৮০০টির বেশি ভিএফএক্স শট ব্যবহার করা হয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









