মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে প্রদর্শিত হতে যাচ্ছে স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ৩১ জুলাই মুক্তির একদিন আগে, অর্থাৎ ৩০ জুলাই, দেশের মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।
আগাম মুক্তির ঘোষণা আসার পর থেকেই দেশের মার্ভেল ভক্তদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উন্মাদনা। রাজধানীর বিভিন্ন স্টার সিনেপ্লেক্স শাখায় সকাল থেকেই দর্শকদের দীর্ঘ সারি এবং টিকিট সংগ্রহে তুমুল ভিড় লক্ষ্য করা গেছে। একই সঙ্গে অনলাইনেও টিকিট কিনতে হিমশিম খেতে হচ্ছে দর্শকদের।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সিনেমাটির মুক্তিকে ঘিরে সিনেপ্লেক্সে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সকাল থেকেই টিকিট কাউন্টারের সামনে তরুণ-তরুণী, পরিবার ও সব বয়সী মার্ভেল অনুরাগীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। পাশাপাশি ওয়েবসাইটেও চলছে টিকিট পাওয়ার তুমুল প্রতিযোগিতা।
সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন আগের কিস্তির ধারাবাহিকতায় এবারও স্পাইডারম্যান তথা পিটার পার্কারের ভূমিকায় অভিনয় করেছেন টম হল্যান্ড এমজে চরিত্রে ফিরেছেন জেন্ডায়া এবং নেডের ভূমিকায় রয়েছেন জ্যাকব ব্যাটালন। এছাড়া ব্রুস ব্যানার বা হাল্ক চরিত্রে আবারও দেখা যাবে মার্ক রাফালোকে।
নতুন কিস্তিতে যুক্ত হয়েছেন আরও কয়েকজন পরিচিত মুখ। ‘আসোকা’খ্যাত ইমান এসফান্ডি অভিনয় করেছেন এমজের নতুন প্রেমিকের চরিত্রে। ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত সেডি সিঙ্ককে দেখা যাবে রহস্যময় এক ভূমিকায়। আর মার্ভেল ভক্তদের জন্য বড় চমক হিসেবে ‘ফ্র্যাঙ্ক ক্যাসেল’ ওরফে ‘দ্য পানিশার’ চরিত্রে ফিরছেন জন বার্নথাল।
মুক্তির আগেই বাংলাদেশে দর্শকদের এমন উচ্ছ্বসিত সাড়া প্রমাণ করছে, মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যানকে ঘিরে দেশের সিনেমাপ্রেমীদের আগ্রহ এখনো তুঙ্গে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









