দীর্ঘ বিরতি ভেঙে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমা ‘গুলশানের চামেলি’ দিয়ে অভিনয়ে ফিরেছেন একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেতা আমিন খান। মুহাম্মদ ইকবাল পরিচালিত সিনেমাটিতে প্রথমবারের মতো অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়জীবনের শুরুর দিনগুলোর স্মৃতি তুলে ধরেছেন আমিন খান। জানিয়েছেন, তার প্রথম সিনেমায় পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মাত্র ১ টাকা।
আমিন খান বলেন, ‘আমার প্রথম ছবির পারিশ্রমিক ছিল ১ টাকা। সেই ১ টাকার নোটটি এখনো সযত্নে অ্যালবামে রেখে দিয়েছি। তবে ওই ১ টাকার চেয়েও আমার কাছে বড় ছিল পরিচালক ও প্রযোজক মোহাম্মদ হোসেনের ভালোবাসা ও সহযোগিতা।’
প্রথম সিনেমাতেই তাকে দেশের প্রত্যন্ত অঞ্চলের দর্শকদের কাছে পৌঁছে দিতে ব্যাপক প্রচার ও ব্র্যান্ডিং করা হয়েছিল বলেও জানান তিনি। এ জন্য প্রযোজক-পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমিন খান বলেন, এমন একজন মানুষকে পাশে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।
অভিনেতার ভাষ্য, ক্যারিয়ারের শুরুতে অর্থের চেয়ে অভিনয়ের সুযোগ এবং ভালো কাজ করাই ছিল তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তার লক্ষ্য ছিল এমন একটি কাজ করা, যা তাকে চলচ্চিত্রে নিজের পরিচিতি তৈরি করতে এবং দীর্ঘদিন টিকে থাকতে সহায়তা করবে।
আমিন খান বলেন, ‘সেই সময় টাকাটা যেমন আমার কাছে মুখ্য ছিল না, এখনো নেই। নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করাই ছিল আমার মূল চ্যালেঞ্জ।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









