মুক্তির তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে দাপট ধরে রেখেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বিশ্বজুড়ে সিনেমাটির আয় ইতোমধ্যে ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪ হাজার ৫০০ কোটি টাকা।
এর মধ্য দিয়ে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-কে পেছনে ফেলে সনি পিকচার্সের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় শীর্ষে উঠেছে ‘ব্র্যান্ড নিউ ডে’।
‘হলিউড রিপোর্টার’-এর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর আমেরিকার বক্স অফিসে টানা তৃতীয় সপ্তাহেও শীর্ষস্থান ধরে রেখেছে সিনেমাটি। তৃতীয় সপ্তাহান্তে এর আয় হয়েছে ৭ কোটি ডলার বা ৭০ মিলিয়ন ডলার। বক্স অফিস ইতিহাসে মুক্তির তৃতীয় সপ্তাহে আয়ের হিসাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ।
টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত সিনেমাটি মুক্তির প্রথম ১৭ দিনেই উত্তর আমেরিকায় আয় করেছে ৭৮ কোটি ৫৮ লাখ ডলার। এর মাধ্যমে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-এর ৭৮ কোটি ৫২ লাখ ডলারের আয়কে ছাড়িয়ে গেছে এটি। ফলে উত্তর আমেরিকার সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ‘ব্র্যান্ড নিউ ডে’।
বর্তমানে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২.০২২ বিলিয়ন ডলার।
এদিকে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর সবচেয়ে দ্রুত সময়ে বিশ্বব্যাপী ২ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করা সিনেমা হিসেবেও জায়গা করে নিয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। চলচ্চিত্রের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র আটটি সিনেমা এই বিরল মাইলফলক অর্জন করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









