ইতালির রোমের কনসার্টকে ঘিরে হোটেল কক্ষ নোংরা করার অভিযোগ নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন নগরবাউল জেমস। ২৩ আগস্ট ইতালির ভেনিসে অনুষ্ঠেয় কনসার্ট সামনে রেখে ২০ আগস্ট বাংলাদেশ সময় দিবাগত রাতে ভেনিসের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
সেখানেই রোমের হোটেলকাণ্ড নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন এই তারকা শিল্পী।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা রোমের বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি কক্ষ নোংরা অবস্থায় রেখে যাওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জেমস স্পষ্টভাবে বলেন, ওই কক্ষে তিনি ছিলেন না।
জেমস বলেন, ‘ওই রুমে আমি ছিলামই না। আমি ছিলাম ৩৪৫ নম্বর রুমে, আর যে রুমটি নিয়ে কথা হচ্ছে, সেটি ৫৪৯ নম্বর রুম। সেখানে আমাদের অতিথি গিটারিস্ট ছিলেন, ইয়াং ছেলে।’
অভিযোগের বিষয়টি খুব বড় করে দেখছেন না বলেও জানান জেমস। তার ভাষায়, ‘এটা কোনো বিগ ডিল না। নিয়ম হলো হোটেল ক্লিনিং করা, কিন্তু ইয়াং ছেলে ক্লিন করে নাই। এটা কোনো বড় ডিল না।’
এর আগে ১৬ আগস্ট রোমে কনসার্টের পর জেমস ও তার সফরসঙ্গীদের অবস্থান করা হোটেলের একটি কক্ষের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে মেঝেতে প্লাস্টিকের বোতল ও আবর্জনা, টেবিলে ব্যবহৃত প্লেট ও খাবারের উচ্ছিষ্ট এবং রান্নাঘরের সিঙ্কে নোংরা বাসনের ছবি দেখা যায়।
হোটেল কর্তৃপক্ষ পরিচ্ছন্নতার জন্য ন্যূনতম ২০০ ইউরো পরিশোধের কথাও জানিয়েছিল। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেমস ও তার সফরসঙ্গীদের নিয়ে সমালোচনা শুরু হয়।
তখন জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিনও গণমাধ্যমকে জানিয়েছিলেন, অভিযোগ ওঠা ৫৪৯ নম্বর কক্ষে জেমস ছিলেন না। জেমস ছিলেন ৩৪৫ নম্বর কক্ষে। এবার ভেনিসের সংবাদ সম্মেলনে জেমস নিজেই একই তথ্য দিয়ে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন।
২৩ আগস্ট ভেনিসে জেমসের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই আয়োজন সামনে রেখে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। রোমের হোটেলকাণ্ডের পর ভেনিসের মঞ্চে জেমসের পরিবেশনা ঘিরে দর্শকদের মধ্যেও বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









