ঢালিউডে ভৌতিক ও সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার সিনেমা নিয়ে এবার দর্শকের আগ্রহ দেখা যাচ্ছে বেশ ভালোভাবেই। সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’। বড় বাজেটের এই সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশের পর এবার সামনে এলো ৩২ সেকেন্ডের একটি ‘বিহাইন্ড দ্য সিন’ ভিডিও।
অফিসিয়াল পোস্টার প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন নির্মাতা। এর আগে সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করা শিল্পীদের লুক একে একে প্রকাশ করা হয়েছিল। ফলে টিজার-ট্রেলারের অপেক্ষায় থাকা দর্শকদের কৌতূহল আরও বেড়ে যায়।
রায়হান রাফী জানান, পোস্টার তৈরির পেছনের গল্প দর্শকদের সামনে তুলে ধরতেই এই ভিডিও প্রকাশ করা হয়েছে।
ভিডিওর শুরুতে দেখা যায় কর্মব্যস্ত ও উৎসবমুখর একটি শুটিং সেট। মেকআপ রুমে চলছে শিল্পীদের চরিত্র অনুযায়ী প্রস্তুতির কাজ। মেকআপ আর্টিস্ট মোহাম্মদ তারেকের নিপুণ হাতের ছোঁয়ায় ক্যামেরার সামনে তৈরি হচ্ছেন অভিনয়শিল্পীরা।
এরপর ক্যামেরার সামনে দেখা যায় চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও নাজিফা তুষিকে। সাদা পোশাকে তাদের লুক, চোখেমুখের অভিব্যক্তি এবং সেটের পরিবেশে ফুটে ওঠে রহস্যময় ও গা ছমছমে আবহ।
ভিডিওতে আরও রয়েছে লাইট, ক্যামেরা, নির্মাতার নির্দেশনা এবং ক্রুদের ব্যস্ততার দৃশ্য। কীভাবে একটি সাধারণ স্টুডিওকে অলৌকিক ও রহস্যময় পরিবেশে রূপ দেওয়া হয়েছে, তারই সংক্ষিপ্ত ঝলক উঠে এসেছে ভিডিওটিতে। শেষ মুহূর্তে দেখা যায় ‘আন্ধার’-এর বহুল আলোচিত পোস্টারের চূড়ান্ত রূপ।
ভিডিওটি প্রকাশ করে দর্শকদের সাড়া দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন রায়হান রাফী। তিনি জানান, পোস্টার ফটোশুটের জন্য টানা দুই দিন বড় পরিসরে কাজ করা হয়েছে। এরপর সময় নিয়ে কনসেপ্ট অনুযায়ী প্রতিটি পোস্টার তৈরি করা হচ্ছে।
নির্মাতা আরও জানিয়েছেন, সামনে ‘আন্ধার’ নিয়ে প্রকাশ হবে আরও নতুন পোস্টার, টিজার ও ট্রেলার। পাশাপাশি দর্শকদের জন্য থাকবে আরও নানা চমক।
বিশাল বাজেটের ‘আন্ধার’-এর গল্প তুলে এনেছেন শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খান। সিনেমাটিতে সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি, গাজী রাকায়েত ও তানজিকা আমিনসহ আরও অনেকে।
সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘আন্ধার’।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









