বলিউড অভিনেতা ইমরান হাশমি অসুস্থ হয়ে পড়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন এই অভিনেতা। চিকিৎসা পরীক্ষায় তার শরীরে এইচ১এন১ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন তিনি।
জানা গেছে, গত কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন ইমরান। সম্প্রতি রাঁচিসহ ভারতের বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজে সফর করেন তিনি। মুম্বাইয়ে ফেরার পর শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে তার মেডিকেল পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলেই এইচ১এন১ সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়।
চিকিৎসকরা ইমরানকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। তবে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
এদিকে অসুস্থতার খবরের মধ্যেই বক্স অফিসে সাফল্যের দৌড়ে রয়েছে ইমরান হাশমির নতুন সিনেমা ‘আওয়ারাপন ২’। স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাটি শুরু থেকেই দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। এখন পর্যন্ত সিনেমাটির আয় প্রায় ৪০ কোটি ৫০ লাখ রুপি।
২০০৭ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’। সিনেমাটি পরিচালনা করেছেন নীতিন কাক্কার এবং প্রযোজনা করেছেন বিশেষ ভাট। এতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি।
মুক্তির প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’ আগের সিনেমা ‘আওয়ারাপন’-এর পুরো আয়ের রেকর্ড ছাড়িয়ে যায়। ২০০৭ সালের সিনেমাটি মুক্তির পর মোট ৭ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছিল। পরবর্তী সময়ে ‘আওয়ারাপন ২’ ইমরান হাশমির অভিনীত আরও কয়েকটি সিনেমার চূড়ান্ত আয়ের রেকর্ডও পেরিয়ে গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









