সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা মৎস্য অফিস কর্তৃক অভিযান চালিয়ে ৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী ও ১২টি বুলু নেট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদের সহায়তায় বেসরকারী সংস্থা সিএনআর এস কর্তৃক খননকৃত অন্তাখালী খালে এ অভিযান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. তৌহিদ হাসানের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মো. মুজিবর রহমান। এ সময় রমজাননগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশসহ স্থানীয় গ্রামবাসী অভিযানে সহায়তা করেন।
অভিযান শেষে জব্দকৃত জালগুলো পরিবেশ ও দেশীয় মাছের প্রজনন সংরক্ষণের স্বার্থে অন্তাখালী এলাকায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
শ্যামনগর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. তৌহিদ হাসান বলেন, চায়না দুয়ারী জাল, বুলু নেট জাল সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। শ্যামনগর এলাকায় এ ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে দীর্ঘদিন ধরে চায়না দুয়ারী জাল অবাধে ব্যবহারের কারণে জলাশয়ের ছোট-বড় সবধরনের মাছ পোনা ও জলজ প্রাণি হুমকির মুখে। উপজেলা মৎস্য অফিসের এ ধরনের অভিযান মৎস্য সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









