সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তাকে ধাক্কা দেওয়া গাড়ি ও এর চালককে আটক করেছে পুলিশ। বনানী থানা-পুলিশের পক্ষ থেকে বিষয়টি মেঘলার পরিবারকে নিশ্চিত করা হয়েছে। তবে গাড়ি ও চালক আটকের পর পুলিশের তৎপরতা এবং দ্রুত আদালতে গাড়ি চালান করে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মেঘলা মুক্তা।
গত ২৮ জুলাই রাতে ঢাকার বনানী এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি মেঘলা মুক্তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পথচারী ও স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
জানা গেছে, দুর্ঘটনার রাতেই বন্ধু ও সহশিল্পী অভিনেতা ইমতিয়াজ বর্ষণ বাদী হয়ে বনানী থানায় একটি অভিযোগ করেন। দুর্ঘটনায় মুখ ও মাথায় গুরুতর আঘাত পান মেঘলা। প্রায় এক মাস নিবিড় পরিচর্যাকেন্দ্র ও কেবিনে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি মুখে একাধিক অস্ত্রোপচার শেষে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি।
দুর্ঘটনার পর পুলিশের তৎপরতা না থাকার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর মেঘলার বাবা বাদী হয়ে বনানী থানায় নতুন করে মামলা করেন। এরপর ৩ সেপ্টেম্বর রাতে পুলিশ গাড়ি ও চালককে আটকের কথা মেঘলার পরিবারকে জানায়।
তবে আটকের পরদিনই, ৪ সেপ্টেম্বর সকালে গাড়িটি আদালতে চালান করে দেওয়া হয়। পুলিশের এই দ্রুত তৎপরতা নিয়ে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন মেঘলা মুক্তা।
ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, এক মাস ধরে গাড়িটির নম্বর জানা থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন। অথচ ১ সেপ্টেম্বর নতুন করে অভিযোগ ও ওপরমহলে চাপ দেওয়ার পর মাত্র এক দিনের মধ্যে ৩ সেপ্টেম্বর রাতে গাড়ি ও চালককে আটক করা হলো। এর পরদিন সকালেই গাড়িটি আদালতে চালান করে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মেঘলা মুক্তা বলেন, ‘এক মাসে যে কাজ হলো না, সেটা মাত্র এক দিনে কীভাবে হলো? আর শুক্রবার সকালেই এত দ্রুত কোর্টে চালান হয়ে গেল কীভাবে? তাহলে আমার প্রশ্ন—এই গাড়িটি আসলে কার?’
পুলিশ কর্মকর্তাদের সঙ্গে গাড়ির মালিকের কোনো যোগসাজশ আছে কি না, সে প্রশ্নও তুলেছেন মেঘলা। গত এক মাসে বনানী থানার প্রাথমিক তদন্তের সঙ্গে জড়িত কর্মকর্তাদের সঙ্গে গাড়ির মালিক বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যোগাযোগের ধরন নিয়েও ব্যাখ্যা চান তিনি।
মেঘলা বলেন, তিনি কাউকে অভিযুক্ত করছেন না, বরং প্রশ্ন করছেন। এই দ্রুততার ব্যাখ্যা পাওয়ার অধিকার তার রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে গাড়িটি আদালতে চালান করে দিয়ে বনানী থানা নিজেদের দায়বদ্ধতা থেকে সরে দাঁড়িয়েছে কি না, সে প্রশ্নও রাখেন অভিনেত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









