‘কল্কি ২৮৯৮ এডি’-এর দ্বিতীয় কিস্তিতে নতুন কোনো অভিনেতা যুক্ত হচ্ছেন না। পরিচালক নাগ অশ্বিনের এই বক্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে দীপিকা পাড়ুকোনের চরিত্রটি নিয়ে প্রশ্ন—তাহলে তার জায়গায় কে আসছেন? আপাতত উত্তর, কেউই নয়।
‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন কোনো অভিনয়শিল্পী যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে নাগ অশ্বিন বলেন, ‘নতুন কেউ যুক্ত হচ্ছে না। যে গল্প শুরু করেছিলাম, সেটিই এগিয়ে নিচ্ছি। আর এর মধ্যেই অনেক চরিত্র আছে।’
‘কল্কি ২৮৯৮ এডি’-এর প্রথম পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিল দীপিকা পাড়ুকোনের। তার চরিত্রকে ঘিরেই এগিয়েছিল গল্পের বড় একটি অংশ। কিন্তু দ্বিতীয় কিস্তির শুটিং শুরুর আগে নির্মাতা প্রতিষ্ঠান বৈজয়ন্তী মুভিজ জানায়, ছবির সঙ্গে আর থাকছেন না দীপিকা।
এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানায়, ‘অনেক ভেবেচিন্তে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম সিনেমা তৈরির দীর্ঘ যাত্রার পরও আমরা একটি অংশীদারত্বে পৌঁছাতে পারিনি।’
দীপিকার ‘কল্কি ২’ ছাড়ার কারণ অবশ্য তিনি নিজে সরাসরি জানাননি। তবে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে এ নিয়ে নানা তথ্য প্রকাশিত হয়েছে। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়ানোর দাবি করেছিলেন দীপিকা। অন্যদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় কিস্তিতে তাঁর চরিত্রের পরিসর উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছিল।
এর আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ থেকেও সরে দাঁড়িয়েছিলেন দীপিকা। সেই সময় তার কাজের সময়সূচি নিয়ে মতবিরোধের কথা সংবাদমাধ্যমে উঠে আসে।

‘কল্কি ২’ ছাড়ার কয়েক মাস পর কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে নিজের অবস্থান নিয়ে কথা বলেছিলেন দীপিকা। তিনি বলেছিলেন, এখন এমন কোনো কাজ করতে চান না, যা তার কাছে সত্যি মনে হয় না। বড় বাজেট বা বড় পারিশ্রমিকই তার কাছে কাজ বেছে নেওয়ার একমাত্র মানদণ্ড নয় বলেও জানিয়েছিলেন তিনি।
এদিকে ‘কল্কি ২’-এর শুটিং নিয়ে নাগ অশ্বিন জানিয়েছেন, অমিতাভ বচ্চন ও কমল হাসানের কিছু দৃশ্য এরই মধ্যে ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারিতে একসঙ্গে শুটিংও করেছেন দুই কিংবদন্তি। প্রভাসের অন্য সিনেমার ব্যস্ততার কারণে মূল শুটিং শুরু হতে দেরি হলেও এখন সেই জটিলতা কেটে গেছে।
পরিচালকের ভাষ্য, অক্টোবরের মাঝামাঝি নিয়মিত শুটিং শুরু হবে। আগামী বছরের মাঝামাঝি পুরো শুটিং শেষ করে পোস্ট-প্রোডাকশনে যাওয়ার পরিকল্পনা রয়েছে। মুক্তির সম্ভাব্য সময় ২০২৮ সাল।
নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পেয়েছিল ২০২৪ সালে। বৈজয়ন্তী মুভিজ প্রযোজিত সিনেমাটি বিশ্বব্যাপী ১ হাজার ১০০ কোটি রুপির বেশি আয় করেছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









