২০২৭ ওয়ানডে বিশ্বকাপই ভারতের হয়ে তার শেষ বিশ্বকাপ—জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় সেই বিশ্বকাপে খেলাই এখন তার অন্যতম বড় প্রেরণা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যম জিওস্টারকে কোহলি বলেন, ‘আমার জন্য এটাই ভারতের হয়ে খেলা শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। সেটিই আমার প্রেরণা। সবকিছু উজাড় করে দিতে চাই। অবশ্যই লক্ষ্য বিশ্বকাপ জেতা। এর জন্য যা যা করা দরকার, আমি সবকিছুর জন্য প্রস্তুত।’
৫০ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত ১৪ হাজার ৯৪১ রান করেছেন কোহলি। ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার ওপরে আছেন শুধু ভারতেরই আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকার (১৮,৪২৬)। ২০১১ সালে দেশের মাটিতে বিশ্বকাপ জিতেছিলেন কোহলি। তবে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হৃদয়ভাঙা হারও সঙ্গী হয়েছে তাঁর।
২০২৭ বিশ্বকাপ হবে কোহলির পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ। এই সংস্করণের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি বলেও মনে করেন তিনি।
কোহলির বলেন, ‘৫০ ওভারের বিশ্বকাপের উত্তেজনা অন্য সবকিছুর চেয়ে বেশি। এখন ১০টি ম্যাচ খেলতে হয় টি-টোয়েন্টির মতো উত্তেজনা নিয়ে। এক দিনে আড়াইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মতো ব্যাপার। এত বড় টুর্নামেন্টে ১০টি ম্যাচে সেই তীব্রতা ধরে রাখা বড় ব্যাপার। তার ওপর এবার খেলতে হবে বিদেশের কন্ডিশনে। এটা অনেক কিছু কেড়ে নেয়।’
কোহলির সঙ্গে ২০২৭ বিশ্বকাপে খেলতে চান রোহিত শর্মাও। এই সংস্করণেই এখন খেলছেন ভারতের অধিনায়ক। বিশ্বকাপের আগে ক্রিকেট থেকে তার কাজ শেষ হয়ে গেছে—এমন ভাবনা তার মাথায় নেই বলে জানিয়েছেন রোহিত।

রোহিত বলেন, ‘এই ভাবনা কখনোই মাথায় আসবে না যে আমার কাজ শেষ। যত দিন খেলছি, তত দিন সামনে কিছু না কিছু পাওয়ার আছে। আর আমি বিশ্বকাপের দিকেই তাকিয়ে আছি।’
সাবেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না মনে করেন, ২০২৭ বিশ্বকাপে কোহলি ও রোহিত দুজনকে একসঙ্গে পেলে ভারতের শিরোপা জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
রেডিফ ডটকমকে রায়না বলেন, ‘আমাদের ঘরে একজন রান মেশিন আছে এবং এমন একজন দুর্দান্ত অধিনায়ক আছে, যে আইপিএল ও দেশের হয়ে অনেক ট্রফি জিতেছে। রোহিত শর্মা ও বিরাট কোহলির পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। আমি তাদের সঙ্গে অনেক ম্যাচ খেলেছি। এবার বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে। আমার মনে হয়, দুজনই দলে থাকলে ভারতের বিশ্বকাপ জয়ের ৯০ শতাংশ সুযোগ থাকবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









