২০০৫ সালে অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের তখনো বিয়ে হয়নি। তবু ঐশ্বরিয়া, অভিষেক ও অভিষেকের বাবা অমিতাভ বচ্চন একটি গানে পর্দা মাতিয়ে দিয়েছিলেন। ২১ বছর পেরিয়ে গেলেও সেই গানের জাদু ফিকে হয়নি।
বিবিসি এশিয়ান নেটওয়ার্কের সঙ্গে আলাপে ‘বান্টি অউর বাবলি’ ছবির জনপ্রিয় গান ‘কাজরা রে’-এর শুটিংয়ের স্মৃতি মনে করেছেন অভিষেক। গানটির ২.০ সংস্করণ হলে তিনি রাজি কি না, তা-ও জানিয়েছেন।
গানটির নতুন সংস্করণে কাজ করতে আগ্রহী কি না, জানতে চাইলে অভিষেক জানান, তিনি তা ‘খুব পছন্দ করবেন’। তার কথায়, ‘‘আমি এর জন্য প্রস্তুত। খুব ভালো লাগবে। তবে ঐশ্বরিয়া আর আমার বাবাকে রাজি করাতে হবে।’’
শুটিংয়ের স্মৃতি নিয়ে অভিষেক বলেন, ‘‘কাজরা রে-এর শুটিংয়ে যত মজা পেয়েছি, অন্য কোনো গানে পেয়েছি কি না, জানি না। পুরো ব্যাপারটাই ছিল একটা বিশাল আনন্দের পার্টি। আমরা খুব উপভোগ করেছি। মনে আছে, শুটিংয়ের দিনটা ছিল আমার জন্মদিন, আর সবাই সেটা উদযাপন করেছিল।’’
অভিষেক জানান, ছবির পরিচালক শাদ আলী কয়েক ঘণ্টা ধরে গানটি বাজিয়ে রাখতেন, আর সেটের সবাই তালে তালে নাচতেন। সেই নাচের কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করে পরে গানে জুড়ে দিয়েছিলেন শাদ।
অভিষেক বলেন, ‘‘শাদ আসলে গানটা চালিয়ে দিত, আর প্রায় চার ঘণ্টা আমরা শুধু নেচেছি। সে সেই দৃশ্যের অনেকটাই ধারণ করেছিল। সেটে আমাদের মজা করা, মেতে ওঠার সেই মুহূর্তগুলোই গানে জুড়ে দিয়েছে। গানটা একেবারেই কাল্ট মর্যাদা পেয়েছে। আমার খুব ভালো লাগে। শুটিংটা দারুণ উপভোগ করেছি। সব মিলিয়ে চমৎকার স্মৃতি, দারুণ আনন্দ।’’
‘বান্টি অউর বাবলি’ ছবিতে অভিষেক ছিলেন এক প্রতারকের ভূমিকায়, সঙ্গী রানী মুখার্জি। অমিতাভ অভিনয় করেছিলেন সেই পুলিশ কর্মকর্তার চরিত্রে, যিনি তাদের পিছু নেন।
গানটির সুর করেছেন শঙ্কর-এহসান-লয়। গেয়েছেন আলিশা চিনাই, শঙ্কর মহাদেবন ও জাভেদ আলী। নৃত্য পরিচালনায় ছিলেন বৈভবী মার্চেন্ট।
সূত্র: এনডিটিভি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









