আবারও হুমকি পেলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন। তারকা পিতা-পুত্রকে খুনের হুমকি দিলেন গ্যাংস্টার গোল্ডি ঢিলোঁ।
সম্প্রতি দিল্লি পুলিশের হাতে তার দুই সহযোগী গ্রেপ্তার হলেও মুম্বাইয়ে বর্ষীয়ান অভিনেতাকে নিশানা করার পরিকল্পনা ভেস্তে যায়নি বলে দাবি করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে গোল্ডি জানিয়েছেন, বিকাশ ঠাকুর ও দীপক সিং গ্রেপ্তার হওয়ায় তাদের পরিকল্পনায় কোনও প্রভাব পড়বে না। মুম্বাইয়ে তার প্রায় ২০০ জন সহযোগী সক্রিয় রয়েছেন এবং তারা প্রস্তুত।
শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে যারা কথা বলবেন, তাদেরও হুমকি দিয়েছেন তিনি। বিশেষ করে অমিতাভ ও অভিষেকের নাম উল্লেখ করে তার দাবি, বুলেটপ্রুফ কাচও তাদের রক্ষা করতে পারবে না।
যদিও ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই পোস্টের সত্যতা এবং তাতে করা দাবিগুলি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
উল্লেখ্য, কয়েক দিন আগেই দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল লরেন্স বিশ্নোই গোষ্ঠীর সঙ্গে যুক্ত দুই সন্দেহভাজন শুটারকে গ্রেপ্তার করে।
তদন্তকারীদের অনুমান, মুম্বাইয়ে অমিতাভের বাড়ি ‘জলসা’র বাইরে গুলি চালানোর ষড়যন্ত্রে জড়িত থাকতে পারেন তারা। পাশাপাশি, এই গ্রেপ্তারের সূত্র ধরেই দিল্লির এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর আর একটি পরিকল্পনারও হদিস পেয়েছেন তদন্তকারীরা। ওই ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজির উদ্দেশ্যেই হামলার ছক কষা হয়েছিল বলে সন্দেহ।
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গও তুলেছেন গোল্ডি। ওই হিংসার জন্য দায়ী ব্যক্তিদের কখনও ক্ষমা করা হবে না বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি, বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করলে তাদের জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
পোস্টে অমিতাভ ও অভিষেকের নাম উল্লেখ করে বলা হয়েছে, তাদের নিরাপত্তার জন্য যত কড়া ব্যবস্থাই করা হোক না কেন, তাদের গুলি করা হবে।
পোস্টে দাবি করা হয়েছে, “তারা যতই বুলেটপ্রুফ কেবিন তৈরি করুন না কেন, গুলি চালানো হবেই।”
এদিকে, গত এক মাসে অমিতাভের মুম্বইয়ের বাড়ি ‘জলসা’কে লক্ষ্য করে তিনটি পৃথক বোমা হামলার হুমকির ইমেইল পাঠানো হয়েছিল। তারপর থেকেই বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে।
নিরাপত্তার এই কড়াকড়ি চোখে পড়ে অমিতাভের সাপ্তাহিক ভক্তদের সঙ্গে দেখা করার সময়েও। প্রতি রবিবার মুম্বাইয়ের বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন অভিনেতা। গত ১ নভেম্বরও ‘জলসা’র বাইরে অনুরাগীদের শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে। তবে সেদিন বুলেটপ্রুফ কাচের আড়ালে দাঁড়িয়েছিলেন অমিতাভ।
সাধারণত চাকার উপর বসানো একটি উঁচু মঞ্চে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা করেন অভিনেতা, যাতে বাইরে জমায়েত হওয়া মানুষ তাকে স্পষ্ট দেখতে পান।
কিন্তু ১ নভেম্বর সেই মঞ্চের তিন দিক কাচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। সেই সুরক্ষাবেষ্টনীর ভিতরে দাঁড়িয়েই ভক্তদের শুভেচ্ছা জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








