দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তে পৌঁছেছেন তারা।
রবিবার (৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানান তারা।
ফেসবুকে দেওয়া পোস্টে প্রীতম হাসান বলেন, তিনি ও শেহতাজ পারস্পরিক বোঝাপড়ায় ১০ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একই বিবৃতি দিয়েছেন শেহতাজও। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তারা দুজনই কৃতজ্ঞ বলে জানিয়েছেন। একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সবসময় থাকবে বলেও উল্লেখ করেছেন তারা।
তাদের ভাষ্য, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।
প্রীতম জানান, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং জীবনের নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চান।
এই সময়ে তাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখাতে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলে দুই পরিবারের সদস্য ও কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম ও শেহতাজ। এর আগে থেকেই দীর্ঘদিনের সম্পর্ক ছিল তাদের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









