দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের। বিশেষ দিন কিংবা জন্মদিন—বিভিন্ন আয়োজনে একসঙ্গে দেখা যায় এই জুটিকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের ঘনিষ্ঠতার নানা ছবি ও ভিডিও নিয়মিতই দেখা যায়।
সম্পর্কের বয়স অনেক হলেও আপাতত বিয়ের পিঁড়িতে বসতে চান না কৌশানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছেন তিনি।
কৌশানির নতুন সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ খুব শিগগির মুক্তি পাওয়ার কথা। ছবিটির প্রচারে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে আসে তার বিয়ের প্রসঙ্গ। চলতি বছরের শেষ দিকে বনি সেনগুপ্তের সঙ্গে তার বিয়ে হতে পারে—এমন গুঞ্জন নিয়েও প্রশ্ন করা হয় তাকে।
জবাবে কৌশানি বলেন, সম্পর্কের পরিণতি বিয়ে হলেও তিনি বর্তমানে যেভাবে আছেন, তাতেই ভালো আছেন। শুধু বয়স বা জৈবিক সময়ের বিষয় বিবেচনা করে বিয়ের সিদ্ধান্ত নিতে চান না তিনি।
অভিনেত্রীর ভাষায়, ‘প্রত্যেকটা সম্পর্কের পরিণতি হলো বিয়ে। কিন্তু আমি এখন যেমন আছি, খুব ভালো আছি। আমরা দুজনেই ভীষণ ভালো আছি। শুধু বায়োলজিক্যাল ক্লকের জন্য আমি বিয়ে করতে চাই না। যখন আমার মনে হবে আমি প্রস্তুত, তখনই বিয়ে করব।’
বিয়ে নিয়ে পরিবারের সঙ্গে মাঝেমধ্যে আলোচনা হয় বলেও জানান কৌশানি। বিশেষ করে তার বাবা মেয়ের বিয়ে নিয়ে কথা বলতে চান। তবে মেয়ের বকুনি খাওয়ার ভয়ে অনেক সময় তিনি বিষয়টি নিয়ে বেশি দূর এগোতে চান না।
অন্য বাবাদের মতো মেয়ের ভবিষ্যৎ নিয়ে কৌশানির বাবারও চিন্তা রয়েছে। তবে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না তিনি।
ফলে চলতি বছরের শেষ দিকে বিয়ের গুঞ্জন থাকলেও আপাতত সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কৌশানি। তার কাছে বিয়ের জন্য নির্দিষ্ট কোনো সময়ের চেয়ে নিজের মানসিক প্রস্তুতিই বেশি গুরুত্বপূর্ণ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









