ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। সম্প্রতি প্রকাশিত নতুন ভিডিওতে সীতার চরিত্রে সাই পল্লবীকে দেখা গেছে ভিন্ন এক রূপে। সেখানে রাক্ষসদের বিরুদ্ধে লড়াই করতে দেখা যায় তাকে। ভিডিওতে রামের চরিত্রে রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে যশের ঝলকও রয়েছে।
নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত প্রকল্প। এর সম্ভাব্য বাজেট প্রায় চার হাজার কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশাল আয়োজনের এই সিনেমায় ভারতীয় পুরাণের কাহিনির সঙ্গে আধুনিক চলচ্চিত্র নির্মাণের প্রযুক্তি ও আন্তর্জাতিক পর্যায়ের কলাকুশলীদের যুক্ত করা হয়েছে। নির্মাতাদের দাবি, বিশ্বজুড়ে প্রায় ১০ হাজার মানুষ এই প্রকল্পে কাজ করছেন।
ইউটিউবে প্রকাশিত ভিডিওটির সঙ্গে নির্মাতারা লিখেছেন, এটি একটি বিশাল ক্যানভাসের মহাকাব্য। এতে প্রযোজক নমিত মালহোত্রা, পরিচালক নিতেশ তিওয়ারি ও অভিনেতা রণবীর কাপুর সিনেমাটিকে বড় পর্দায় তুলে ধরার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।
সিনেমাটির ব্যাপ্তি নিয়ে নমিত মালহোত্রা বলেন, ‘রামায়ণ’ এমন এক মহাকাব্য, যেখানে চরিত্রের গভীরতা, আবেগ ও বিশাল আয়োজনের সমন্বয় রয়েছে। এতে সবার জন্যই কিছু না কিছু আছে। তার ভাষ্য, ‘রামায়ণ’ নির্মাণের সুযোগটি যখন আসে, তখন তার মনে হয়েছিল, এই কাজ করতেই হবে। কিছু সিনেমা শুধু তৈরি করা হয় না, সেগুলো যেন নিজেরাই বাস্তবে রূপ নেয়।

পরিচালক নিতেশ তিওয়ারির মতে, গল্পটির সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ সংযোগ খুঁজে পাবেন। এতে বাবা-ছেলের সম্পর্ক, প্রতিকূলতা জয় করার গল্প এবং সাহসী প্রেমের কাহিনি রয়েছে।
অভিনেতা রণবীর কাপুরও সিনেমাটির বিশাল আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তার মতে, নমিত মালহোত্রার নেতৃত্বে এমন অভিনয়শিল্পী ও কলাকুশলীদের একত্র করা এবং এত বড় পরিসরে কাজ করার সুযোগ চলচ্চিত্রজগতে বিরল।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস এবং যশের প্রতিষ্ঠান মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। এর সংগীত পরিচালনায় রয়েছেন হলিউডের বিখ্যাত সংগীতকার হান্স জিমার ও ভারতের এ আর রহমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









