বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর। ১৬ দলের এই প্রতিযোগিতা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ও বাংলাদেশের গ্রুপ পর্বের সব খেলা অনুষ্ঠিত হবে সিলেটে। অন্যদিকে, সেমিফাইনাল ও ফাইনাল আয়োজন করবে চট্টগ্রাম।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের এই বিশ্বকাপে দুই দেশের চারটি ভেন্যুতে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি নেপালের কাঠমান্ডুর টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং আপার মুলপানী আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে গড়াবে ম্যাচগুলো।
অংশগ্রহণকারী ১৬টি দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল। ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। স্বাগতিক বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। আর ‘ডি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।
বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের যাত্রা শুরু হবে ২১ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে। সিলেটে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচটি। একই ভেন্যুতে ২৩ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২৫ জানুয়ারি নাইজেরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
গ্রুপ পর্বের লড়াই শেষে শুরু হবে সুপার সিক্স পর্ব। এই পর্বের দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। এ পর্বের জন্য ৫ ফেব্রুয়ারি রিজার্ভ ডে রাখা হয়েছে।
টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে। স্থানীয় সময় দুপুর দেড়টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। ফাইনালের জন্য বিকল্প দিন হিসেবে ৭ ফেব্রুয়ারি রাখা হয়েছে।
নারী ক্রিকেটের উন্নয়নে এই প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত বলেন, অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা ও সামর্থ্য প্রমাণের সুযোগ করে দেয়। বাংলাদেশ ও নেপালে এই আয়োজন নারী ক্রিকেটের প্রসার আরও বাড়াতে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









