মার্ভেল স্টুডিওর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র নতুন থিয়েটার পোস্টার প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সিনেমাটিকে ঘিরে বিশেষ সংগ্রহযোগ্য পণ্য নিয়ে হাজির হচ্ছে যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় সিনেমা হল চেইন। এসব পণ্যের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ভিলেন ডক্টর ডুমের আদলে তৈরি বিশেষ পপকর্ন বাকেট।
কসমিক বুক নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পোস্টারগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন প্রিমিয়াম সিনেমা প্রদর্শন প্রযুক্তির জন্য। এর মধ্যে রয়েছে ইনফিনিটি ভিশন, ডলবি সিনেমা, রিয়েলডি থ্রিডি, স্ক্রিনএক্স ও ফোরডিএক্স। এ ছাড়া ফ্যানডাঙ্গো প্রকাশ করেছে ডক্টর ডুমকে সিংহাসনে বসা অবস্থায় দেখানো একটি বিশেষ পোস্টার।

প্রতিটি পোস্টারে সিনেমাটি দেখার অভিজ্ঞতাকে আলাদাভাবে তুলে ধরা হয়েছে। ইনফিনিটি ভিশনের পোস্টারে ডক্টর ডুমকে দেখা গেছে রঙিন কাচের নকশার মধ্যে। ডলবি সিনেমার পোস্টারে তার হাতে রয়েছে সবুজ শক্তির ঝলক। অন্যদিকে স্ক্রিনএক্সের পোস্টারে ডক্টর ডুমকে ঘিরে রয়েছে মুখোশধারী কয়েকজন রহস্যময় চরিত্র।
রিয়েলডি থ্রিডির পোস্টারে সিনেমাটির মুক্তির তারিখ ১৮ ডিসেম্বর ২০২৬ উল্লেখ করা হয়েছে।

আইম্যাক্সে মুক্তি পাচ্ছে না সিনেমাটি
নতুন পোস্টার প্রকাশের পর সিনেমাটির প্রদর্শন নিয়ে একটি বিষয় সামনে এসেছে। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ আইম্যাক্সে মুক্তি পাচ্ছে না। একই দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ডিউন: পার্ট থ্রি’র। সিনেমাটি আইম্যাক্সে একচেটিয়া তিন সপ্তাহের প্রদর্শন সুবিধা পেয়েছে।

এর পরিবর্তে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ হতে যাচ্ছে ডিজনির নিজস্ব বড় পর্দার প্রদর্শন প্রযুক্তি ‘ইনফিনিটি ভিশন’র উদ্বোধনী সিনেমা। এ প্রযুক্তির আওতায় কমপক্ষে ৪৫ ফুট প্রশস্ত পর্দা, লেজার প্রজেকশন এবং ডলবি অ্যাটমস অথবা ৭.১ সাউন্ড সিস্টেম থাকতে হবে।

ডক্টর ডুমের আদলে পপকর্ন বাকেট
সিনেমাটিকে ঘিরে সংগ্রহযোগ্য পণ্যের তালিকাও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সিনেমা হল চেইন এএমসি থিয়েটার্স। তাদের আয়োজনের স্লোগান ‘কলেক্টিবলস, অ্যাসেম্বল!’।
তালিকার সবচেয়ে আকর্ষণীয় পণ্য ডক্টর ডুমের আবক্ষ মূর্তির আদলে তৈরি পপকর্ন বাকেট। এতে ডক্টর ডুমকে দুই হাত বুকের ওপর ভাঁজ করে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে। বাকেটটির চোখে থাকবে সবুজ আলোর বিশেষ নকশা।

এ ছাড়া সেন্টিনেল হেডের আদলে পপকর্ন বাকেট, পানীয়সহ ‘বটল অব ডুম’ এবং অ্যাভেঞ্জার্স, এক্স-মেন ও ডুমের প্রতীকসংবলিত তিন ধরনের বিশেষ সংগ্রহযোগ্য পণ্য থাকছে।
এএমসি জানিয়েছে, এসব পণ্য ১৮ ডিসেম্বর থেকে নির্বাচিত সিনেমা হলে পাওয়া যাবে। তবে সরবরাহ শেষ না হওয়া পর্যন্তই এগুলো বিক্রি করা হবে।

অন্যদিকে সিনেমার্কও ডক্টর ডুমের আদলে তৈরি পপকর্ন বাকেটের একটি ঝলক প্রকাশ করেছে। রিগ্যাল সিনেমাস জানিয়েছে, তাদের নির্বাচিত কিছু প্রেক্ষাগৃহে ১৭ ডিসেম্বর থেকে ডক্টর ডুমের মূর্তির আদলে তৈরি বিশেষ পণ্য পাওয়া যাবে।
সব মিলিয়ে সিনেমাটির মুক্তির আগেই পোস্টার, বিশেষ প্রদর্শন প্রযুক্তি ও সংগ্রহযোগ্য পণ্য নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









