মুক্তির আগে ব্যাপক প্রত্যাশা তৈরি করলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত সিনেমা ‘টক্সিক’। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবির ব্যর্থতা এবং যশের সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। সম্প্রতি এসব বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের নবম মৌসুমের পঞ্চম পর্বে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অতিথি হয়ে হাজির হন কিয়ারা। সেখানে সিনেমাটির ব্যর্থতা এবং ব্যক্তিগতভাবে সমালোচনার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
কিয়ারা জানান, সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী সাড়া না পাওয়ায় শুরুতে ভীষণ কষ্ট পেয়েছিলেন তিনি। বিশেষ করে মুক্তির প্রথম দিন ও উদ্বোধনী সপ্তাহান্তের প্রতিক্রিয়া তকে হতাশ করেছিল।
অভিনেত্রীর ভাষায়, দলের কেউই এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না। সিনেমাটি শুরুতে ভালো সাড়া পেলেও পরে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়াটা ছিল হৃদয়বিদারক। সে সময় মানসিকভাবেও অনেকটা ভেঙে পড়েছিলেন তিনি।
তবে হতাশার মধ্যেও নিজের অভিনয়ের জন্য পাওয়া প্রশংসা তাকে অনুপ্রাণিত করেছে। কিয়ারা বলেন, প্রচলিত স্বাচ্ছন্দ্যের বাইরে গিয়ে নতুন ধরনের চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছেন তিনি। তার বিশ্বাস, ‘টক্সিক’-এ নাদিয়া চরিত্রটি তাঁর অভিনয়জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কী বললেন সিদ্ধার্থ?
সিনেমাটিতে যশের সঙ্গে কিয়ারার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও ট্রোলিং হয়েছিল। এমনকি এ বিষয়ে স্বামী সিদ্ধার্থের প্রতিক্রিয়া কী, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে।
এ প্রসঙ্গে কিয়ারা জানান, সিদ্ধার্থ বিষয়টি নিয়ে একেবারেই বিচলিত ছিলেন না। তিনি বলেন, সিদ্ধার্থের স্বাভাবিক প্রতিক্রিয়া তাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে। স্বামী কখনো বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেননি, এমনকি তাদের মধ্যে এ নিয়ে কোনো আলোচনাও হয়নি।
কিয়ারার কথায়, সিদ্ধার্থ বিষয়টিকে গুরুত্বই দেননি। ফলে অনলাইনে সমালোচনা হলেও তাকে নিজের অবস্থান ব্যাখ্যা করার প্রয়োজন মনে হয়নি।
অভিনেত্রী আরও বলেন, বিবাহিত নারী অভিনেত্রীদের পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে এমন সমালোচনা নতুন নয়। কয়েক দশক ধরেই চলচ্চিত্রজগতের অনেক গুণী অভিনেত্রীকে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। ঐশ্বরিয়া রাই বচ্চনসহ অনেক অভিনেত্রীর উদাহরণও তুলে ধরেন তিনি।
কিয়ারা মনে করেন, এ ধরনের সমালোচনার মধ্যে দ্বিচারিতা রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ইতোমধ্যে সেই দ্বিচারিতার প্রতিবাদ করেছেন। তাই নিজের কাজের পক্ষে আলাদা করে সাফাই দেওয়ার প্রয়োজন বোধ করেননি তিনি।
প্রথমবার একসঙ্গে ‘কফি উইথ করণ’-এ
সিদ্ধার্থ ও কিয়ারা এর আগে আলাদাভাবে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অংশ নিলেও এবারই প্রথম দম্পতি হিসেবে একসঙ্গে হাজির হয়েছেন। অনুষ্ঠানে তাদের প্রেম, সম্পর্কের ওঠানামা, বিয়ে ও পারিবারিক জীবন নিয়েও আলোচনা হয়।
উল্লেখ্য, পরিচালক গীতু মোহনদাসের ‘টক্সিক’-এ যশের পাশাপাশি অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। প্রায় ৬০০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৩৪২ কোটি ২৬ লাখ রুপি বলে জানিয়েছে বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্ক।
সিনেমার বাণিজ্যিক ব্যর্থতা ও বিতর্ক পেরিয়ে নিজের অভিনয়যাত্রায় নতুন অভিজ্ঞতা হিসেবে ‘টক্সিক’কে দেখছেন কিয়ারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








