‘তুই এঠে ক্যানে, তুই এঠে ক্যানে’ এমন কথা-কাটাকাটিকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুরে ভিক্ষুকদের দুই দলের মধ্যে তুমুল ঝগড়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষই পায়ের স্যান্ডেল খুলে একে অপরকে মারতে তেড়ে যান। পরে স্থানীয় দোকানদার ও পথচারীরা এগিয়ে এসে তাদের নির্বৃত্ত করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শহরের ব্যস্ততম শহীদ জহুরুল হক সড়কের বিচালীহাটি রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বৃহস্পতিবার সৈয়দপুর শহরের আশপাশের বিভিন্ন গ্রাম ও এলাকা, বিশেষ করে চিলাহাটি, পার্বতীপুর, রানীরবন্দরসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে অসংখ্য দুস্থ মানুষ ভিক্ষা করতে শহরে আসেন। তারা শহরের গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন দোকানে দোকানে গিয়ে দলবেঁধে মানুষের কাছে সহযোগিতা চান।
প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার আরমান জানান, প্রথমে পাঁচজনের একটি দল তার দোকানে আসে। তাদের পেছনেই আসে আরেকটি দল। দুই দলের সবাইকে ভিক্ষা দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পক্ষ অন্য পক্ষকে উদ্দেশ করে বলে, ‘তোরা এখানকার না, অন্য শহর থেকে এসেছিস।’ এ নিয়ে একপর্যায়ে তারা স্যান্ডেল খুলে মারামারিতে জড়িয়ে পড়েন। পরে আশপাশের দোকানদাররা এগিয়ে এসে তাদের ঝগড়া থামান।
ঝগড়ায় জড়িয়ে পড়া খাতিবুন বেওয়া নামে এক নারী ভিক্ষুক বলেন, ‘‘আমরা এই শহরে থাকি। তাই আমাদের আগে পাওয়ার অধিকার আছে। তারা নিজ নিজ শহরে ভিক্ষা করুক। অন্য শহর থেকে এসে উল্টো আমাদের সঙ্গে ঝগড়া করছে। আমরা বেওয়া মানুষ, ভিক্ষা করেই খাই।’’
অপর ভিক্ষুক কেরামত উদ্দিন জানান, তারা পার্বতীপুর থেকে এসেছেন। বৃহস্পতিবার সৈয়দপুরের বাজারে ভিক্ষা পাওয়ার দিন হওয়ায় তারা এখানে আসেন। বৃহস্পতিবার ছাড়া তারা সাধারণত সৈয়দপুরে আসেন না।
স্থানীয় দোকানদাররা জানান, প্রতি বৃহস্পতিবার সৈয়দপুরের মূল মার্কেটের ব্যবসায়ীরা দরিদ্র ও অসহায় মানুষকে দান-খয়রাত করে থাকেন। এ কারণে সৈয়দপুর ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শত শত ভিক্ষুক শহরে ভিড় করেন।
তাদের ভাষ্য, ভিক্ষা দেওয়া-নেওয়া ও অবস্থান নিয়ে এ ধরনের অপ্রীতিকর ঘটনা মাঝেমধ্যে ঘটে থাকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








