জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি, অর্থনীতি ধ্বংস ও জননিরাপত্তা বিঘ্নিতকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা থানা ও আশপাশের কয়েকটি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডিআইজি বলেন, ভাঙ্গায় মশাল মিছিল এবং ফরিদপুরে বাসে আগুন দিয়ে নিরীহ মানুষ হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব ঘটনায় ফরিদপুর ও ভাঙ্গায় পৃথক দুটি মামলা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, ফরিদপুর ও ভাঙ্গাসহ আশপাশের থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। ভাঙ্গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ সময় ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, ফরিদপুরে বাসে আগুন দিয়ে একজনকে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে গণমাধ্যমের সামনে হাজির করা হবে। এ ঘটনায় মামলা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ভাঙ্গায় মশাল মিছিল করে মানুষের জানমালের ক্ষতির চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় গত বুধবার রাতে ২৯০ জনের নাম উল্লেখ করে এবং আরও অনেককে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








