জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। শিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক প্রথম আলোকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন শেখ সাহেদ। নিয়মিত ডায়ালিসিস নিতে হতো তাকে। সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু ও সংক্রমণসহ একাধিক শারীরিক জটিলতায় তার অবস্থার অবনতি হয়। গুরুতর রক্তক্ষরণ শুরু হলে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।
এরশাদুল হক জানান, গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে সাহেদকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃদু স্ট্রোক হয়। এরপর স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না তিনি। এর মধ্যে ডেঙ্গুও শনাক্ত হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।
প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ রুবাইয়াত রহমানের এক লেখায় বলা হয়, কিডনির অসুস্থতার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস সি ভাইরাসজনিত লিভারের প্রদাহে ভুগছিলেন এই শিল্পী। সর্বশেষ অস্বাভাবিক রক্তক্ষরণ তার শারীরিক পরিস্থিতি আরও জটিল করে তোলে।
অসুস্থতার কারণে থেমে যায় শেখ সাহেদের দীর্ঘদিনের সংগীত আয়োজনও। ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সংগ্রহের জন্য চারটি করে সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের পরিকল্পনা ছিল তার। এ উপলক্ষে ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তা বাতিল করা হয়।
এরশাদুল হক জানিয়েছিলেন, অনুষ্ঠান শেষে ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য দিল্লি যাওয়ার প্রস্তুতি ছিল সাহেদের। কিডনিদাতাও চূড়ান্ত করা হয়েছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই পরিকল্পনা স্থগিত হয়ে যায়। নতুন গান প্রকাশ ও সুস্থ হয়ে আবারও সংগীতে ফেরার স্বপ্ন অপূর্ণ রেখেই চলে গেলেন এই শিল্পী।
শেখ সাহেদ ছিলেন ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা শুরু করেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিতি পেয়েছিলেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।
১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। তার গান ও সৃষ্টির মধ্য দিয়ে সংগীতপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন শেখ সাহেদ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









