পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নাজাত’-এ শেহেরিয়ার মুনাওয়ার সিদ্দিকীর অভিনীত জনপ্রিয় চরিত্র আবু বকরকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার স্বপ্ন দেখছেন অনেক নারী। তবে পর্দার এই আদর্শ পুরুষের সঙ্গে বাস্তব জীবনের তুলনা করতে নিষেধ করেছেন পাকিস্তানি অভিনেত্রী ও উপস্থাপক ভীণা মালিক। তার মতে, কল্পনার জগতে নিখুঁত জীবনসঙ্গী খুঁজতে গিয়ে বাস্তব সম্পর্ককে কঠিন করে তুলতে পারেন অনেকে।
বুধবার (১১ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি নিজের অনুষ্ঠান ‘ভীণা হ্যায় না’-তে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আয়েশা ইমরান মুর্তাজার সঙ্গে আলোচনায় বিষয়টি তুলে ধরেন ভীণা মালিক। সেখানে তিনি বলেন, কল্পনার জগতে বাস করা এবং নিখুঁত জীবনসঙ্গীর প্রত্যাশা অনেক সময় মানুষের ব্যক্তিগত জীবনকে জটিল করে তুলতে পারে।
আলোচনায় মুর্তাজা এক তরুণীর উদাহরণ তুলে ধরেন। বিয়ের পর ওই তরুণী তার স্বামীকে ধারাবাহিকের আবু বকরের মতো মনে করতেন। কিন্তু সংসারের দায়িত্ব, কাজের চাপ ও বাস্তব জীবনের নানা পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর তার সেই ধারণা বদলে যায়। একপর্যায়ে হতাশায় ভুগতে শুরু করেন তিনি।
এ প্রসঙ্গে ভীণা মালিক বলেন, শুধু কল্পনার মধ্যে আদর্শ জীবনসঙ্গী খুঁজতে থাকলে তা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। অন্যদিকে মুর্তাজার মতে, একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক সহমর্মিতা, যত্ন ও একে অপরকে বোঝার মধ্য দিয়ে।
শিশুদের ওপর বিনোদনমাধ্যমের প্রভাব নিয়েও সতর্ক করেছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আয়েশা ইমরান মুর্তাজা। তার পরামর্শ, সন্তানরা কোন চরিত্রকে আদর্শ হিসেবে দেখছে, সে বিষয়ে অভিভাবকদের খোঁজ রাখা উচিত। পাশাপাশি বিভিন্ন চরিত্রের ভালো-মন্দ দিক নিয়ে সন্তানদের সঙ্গে আলোচনা করাও জরুরি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









