ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালিসংলগ্ন এলাকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি সমর্থিত সরকারের বাহিনী। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হাতে চলে গেছে। এর ফলে বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে হুতিদের প্রভাব আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দক্ষিণ ইয়েমেনের সরকারি বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা বাব এল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত ধুবাব বিমানবন্দর ও আশপাশের এলাকা থেকে সেনা সরিয়ে নিচ্ছে। বাহিনীটি জানিয়েছে, রাজধানী এডেন এবং পার্শ্ববর্তী প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সামনের সারির প্রতিরক্ষা অবস্থান শক্তিশালী করা এবং বিদ্যমান হুমকি মোকাবিলাও তাদের লক্ষ্য।
বাব এল-মান্দেব প্রণালি এশিয়া থেকে ইউরোপে পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। মিসরের সুয়েজ খাল হয়ে চলাচলকারী আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজগুলোর বড় একটি অংশ এই প্রণালি ব্যবহার করে। ফলে এর নিয়ন্ত্রণ হারানো ইয়েমেন সরকারের জন্য বড় ধরনের কৌশলগত ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
ইয়েমেনের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা, রাজধানী সানা এবং জনবহুল অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ রয়েছে হুতিদের হাতে। অন্যদিকে, দক্ষিণাঞ্চলের যেসব এলাকা এখনো সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, সেসব অঞ্চলেও চাপ বাড়াচ্ছে তারা। সাম্প্রতিক সময়ে এডেনের কাছাকাছি এলাকায় হুতিদের অগ্রযাত্রা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
অক্টোবর মাসে কৌশলগত উপকূলীয় এলাকাগুলো পুনর্দখলে সামরিক অভিযান শুরু করেছিল সরকারি বাহিনী। এর আগে সেপ্টেম্বর মাসে হুতিরা ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়। তাদের অগ্রযাত্রায় বাব এল-মান্দেব প্রণালির কাছাকাছি পৌঁছে যায় বিদ্রোহী গোষ্ঠীটি।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইয়েমেনে সংঘাত আরও বেড়েছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে অঞ্চলটিতে। সৌদি আরবের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। সৌদি আরব যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ।
গত কয়েক মাস তুলনামূলক শান্ত থাকার পর হুতিদের হামলায় সৌদি আরবের বিমান চলাচল ও তেল সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছে। দেশটির বন্দর, বিমানবন্দর এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এর মধ্যে লোহিত সাগর উপকূলে অবস্থিত ইয়ানবু তেল রপ্তানি কেন্দ্রও রয়েছে। জবাবে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি আরব।

২০১৪ সালে হুতিরা সরকারকে দক্ষিণাঞ্চলে হটিয়ে দেওয়ার পর থেকে গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেন। দীর্ঘদিনের সংঘাত ও দারিদ্র্যের কারণে দেশটিতে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।
এদিকে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজ এলাকায় লড়াই আরও তীব্র হচ্ছে। এতে মানবিক পরিস্থিতির অবনতি ঘটছে। সাম্প্রতিক সংঘাতে বাস্তুচ্যুত হওয়া প্রায় তিন লাখ মানুষের মধ্যে দেড় লাখের বসবাস তাইজ শহরে। শহরটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। সেখানে ত্রাণসহায়তা পৌঁছাতে পারছে না। একই সঙ্গে সাধারণ মানুষও শহর ছেড়ে বের হতে পারছে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








