দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনসংলগ্ন প্যারিস রোড থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীদের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।
এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, হল প্রাধ্যক্ষ, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার গুম-খুনের মাধ্যমে মানুষের ভোটাধিকারসহ বিভিন্ন গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের কণ্ঠরোধ করতে শত শত মানুষকে হত্যা করা হয়েছিল। গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও তাঁর ইশারায় এবং ভারতের অর্থায়নে বাংলাদেশে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
প্রশাসনকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন, তাঁর সন্ত্রাসী বাহিনীর সদস্যরাও ধীরে ধীরে দেশ ছেড়ে পালাবেন। নতুন করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা দেশের সম্পদ ধ্বংসের চেষ্টা করা হলে প্রশাসনকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম বলেন, ৫ আগস্ট স্বৈরাচারী সরকারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। গত ১২ ফেব্রুয়ারি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে পরাজিত শক্তি ও তাদের কথিত এজেন্টরা বিভিন্ন সময়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত অত্যাচার-নিপীড়ন ও বসবাসের অনুপযোগী পরিবেশ আবারও ফিরে আসতে পারে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক ব্যবস্থায় যেন কেউ আর নিপীড়নের শিকার না হন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








