বিদেশের বাজারে আরও বড় পরিসরে মুক্তি পেতে চলেছে নীতেশ তিওয়ারী পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’।
২০২৭ সালের প্রথম তিন মাসের মধ্যেই চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং রাশিয়ায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে চীনের বাজার নিয়ে আশাবাদী সিনেমার নির্মাতারা। কারণ, এই দেশেই এক সময়ে বিপুল সাফল্য পেয়েছিল নীতেশের পরিচালনায় তৈরি আমির খানের ‘দঙ্গল’।
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার আন্তর্জাতিক মুক্তি নিয়ে তথ্য প্রকাশ করেছেন। তার দাবি, ২০২৭ সালের প্রথম তিন মাসের মধ্যেই চারটি দেশে মুক্তি পেতে পারে ‘রামায়ণ’। শুধু পরিকল্পনাই নয়, চীনে সিনেমাটি মুক্তির জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়াও নাকি শুরু হয়ে গিয়েছে।
তরণ তার পোস্টে লিখেছেন, “সিনেমাটি ইতোমধ্যেই চীনে সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছে।” ফলে চীনের প্রেক্ষাগৃহে ‘রামায়ণ’ শীঘ্রই দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
নীতেশের কাছে চীনের বাজার অবশ্য নতুন নয়। ২০১৬ সালের সিনেমা ‘দঙ্গল’ ২০১৭ সালে চীনে মুক্তি পেয়েছিল। নজির গড়েছিল সেই সিনেমা। সিনেমাটি সেখানে প্রায় ১৩০৫ কোটি টাকার ব্যবসা করেছিল। ভারতে সিনেমাটির আয়ের তুলনায় চীনের আয় ছিল দ্বিগুণেরও বেশি।
এবার ‘রামায়ণ’ কি সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারবে? সেই দিকেই তাকিয়ে আছেন নির্মাতারা।
সিনেমাতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। রাবণের চরিত্রে যশ এবং সীতার ভূমিকায় সাই পল্লবী। ভারতের বক্সঅফিসেও ঝড় তুলেছে এই সিনেমা।
গত ৫ নভেম্বর ভারত ছাড়া ব্রিটেন, উত্তর আমেরিকা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে সিনেমাটি। ১২ নভেম্বর থেকে হংকংয়েও দেখা যাচ্ছে ‘রামায়ণ’। সেখানে হিন্দি ভাষার সিনেমাটির সঙ্গে রয়েছে চীনা ও ইংরেজি ভাষার সাবটাইটেল।
আগামী ১৯ নভেম্বর ব্রাজিল, ইতালি, ইউক্রেন এবং হাঙ্গেরিতে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। ২৬ নভেম্বর আর্জেন্টিনা, মধ্য আমেরিকা, কলম্বিয়াতেও মুক্তির পরিকল্পনা রয়েছে।
এছাড়াও বিদেশের দর্শকদের জন্য সিনেমাটির একটি সংক্ষিপ্ত ইংরেজি সংস্করণ তৈরি হয়েছে। নাম ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। ভারতে অবশ্য হিন্দির পাশাপাশি কন্নড়, তামিল, তেলুগু এবং মলয়ালম ভাষাতেও মুক্তি পেয়েছে সিনেমাটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








