বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে দল ও তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলের পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালামসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের নানা ধরনের তৎপরতার মধ্যে এই সিদ্ধান্ত নিল বিএনপি।
বৈঠক সূত্র জানা গেছে, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। তবে এসব কর্মসূচি কোনো দলের বা পক্ষের পাল্টা কর্মসূচি হবে না। একইভাবে অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিএনপির কর্মসূচি প্রতিরোধের চেষ্টা করত, সে ধরনের কোনো কর্মসূচিও নেওয়া হবে না।
বৈঠক সূত্রে জানায়, বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচি বা সাংস্কৃতিক কর্মসূচির মতো রাজনৈতিক কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। বিএনপি এবং তিন অঙ্গসংগঠন নিজেদের উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও পৃথক কর্মসূচি দিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলনের পর ক্ষমতায় আসা বিএনপি এখন দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়াতে চায়। বিশেষ করে বিজয়ের মাসকে কেন্দ্র করে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে নেতা-কর্মীদের মাঠে সক্রিয় রাখার পরিকল্পনা নিয়েছে দলটির নেতৃত্ব।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘‘বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








