স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় মামলা হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী। তিনি একটি ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি কেন আড়ালে আছেন, সে কারণও ব্যাখ্যা করেছেন।
সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় জাহের আলভী জানান, ব্যক্তিগত জীবনের এই ট্র্যাজেডি নিয়ে তিনি কখনোই জনসম্মুখে বেশি আলোচনা করতে চাননি। একই সঙ্গে গণপিটুনির আশঙ্কায় এখন দেশে ফিরছেন না বলেও উল্লেখ করেন তিনি।
ভিডিও বার্তায় আলভী বলেন, “আমি কখনোই চাইনি, যে মানুষটা পৃথিবী থেকে চলে গেছে, তাকে নিয়ে আপনাদের সঙ্গে বড় কোনো আলোচনা করতে। আমার স্ত্রী ইকরা যেহেতু এই পৃথিবীতে নেই, তাকে নিয়ে এত ব্যাখ্যা বা আলোচনা প্রয়োজন আছে বলে মনে করিনি। আমি সবসময়ই আমার সংসারের বিষয় ঘরেই রাখতে চেয়েছি।”
ইকরার মৃত্যুতে নিজেকে মানসিকভাবে বিপর্যস্ত দাবি করে তিনি বলেন, “আমি কোনো কিছু গুছিয়ে বলার মতো অবস্থায় নেই। ওর (ইকরার) মৃত্যু আমাকে যে মানসিক আঘাত দিয়েছে, তা আমাকে পাথর করে দিয়েছে। আমি এসব নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু আমার মনে হচ্ছে, আপনারা গল্পের একটি অংশ পড়ে পুরো বিষয়টি বিচার করছেন। এক পাশ পড়ে অন্য পাশ না পড়ে বিচার করা তো ঠিক নয়।”
দেশে না ফেরার কারণ ব্যাখ্যা করে আলভী বলেন, “আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রেখেছেন? আমি দেশে আসা মাত্রই আমার বিরুদ্ধে জনতা জড়ো হবে, আমাকে আক্রমণ করা হতে পারে। আমার ফোনে অসংখ্য হুমকি আসছে।”
তিনি আরও বলেন, “এয়ারপোর্টের বাইরে লোকজন প্রস্তুত আছে—আমি গেলেই তারা আমাকে মারধর করবে, এমনকি হত্যা করার আশঙ্কাও রয়েছে। পুলিশ যদি আইনগতভাবে আমাকে নেয়, সেটি ভিন্ন বিষয়; আমি তা মোকাবিলা করব। কিন্তু এখন যদি আমি মারা যাই, তাহলে আমার সন্তানের কী হবে? আপনারা কি চান, আমার ছেলে রিজিক তার বাবাকেও হারাক?”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









