করবো এবার বিয়ে
জোবায়ের রাজু
বয়স তো আর কম হয়নি বিয়ে করতে রাজি,
ওগো আব্বা ডাকতে পারেন চেনা কোনো কাজী।
আমার কিন্তু শর্ত অনেক বিয়ে করার আগে,
মা বাবাদের সেসব কথা শোনা কিন্তু লাগে।
মেয়ের বাপের থাকতে হবে টাকা পয়সা খুব,
থাকতে হবে তাদের মেয়ের চোখ জুড়ানো রূপ।
দেখতে যেন লাগে তারে সুশ্রী ঐশ্বরিয়া,
তবেই আমি রাজী হবো করতে তারে বিয়া।
যৌতুক কিংবা উপঢৌকন দিতে হবে বেশি,
প্রতি ঈদে দিতে হবে গরু নয়তো খাসি।
খাট পালঙ্ক কাঁথা বালিশ আরো কিছু চাই,
হানিমুনে পাঠাতে হবে কাতার বা দুবাই।
ডুপ্লেক্স বাড়ি মেয়ের নামে লিখে দিতে হবে,
এসব দেখে লোকে তবে 'ওহ মাই গড' কবে।
মেয়েকে আরো দিতে হবে সোনার অলংকার,
ডায়মন্ডের নাক ফুল আর নানান উপহার।
এবার শোনো মেয়েকে নিয়ে আমার কিছু কথা,
মেয়ের মধ্যে থাকতে হবে দারুন সরলতা।
সব কাজের গুণ যেন মেয়ের মধ্যে থাকে,
আমায় যেন ভালোবেসে জড়িয়ে সে রাখে।
যতই আমি মারি তারে ঘুষি কিংবা কিল,
তবুও যেন আমার জন্য কাঁদে তাহার দিল।
বিবাদ কিংবা ঝগড়াঝাটি করা যাবে না,
বলে রাখি ঈদ ছাড়া সে জামা পাবে না।
ঘন ঘন বাপের বাড়ি যাওয়া চলবে না,
ধমক দিলে রাগি সুরে কিছুই বলবে না।
এসব যদি কোনো মেয়ে মেনে নিতে পারে,
তবে আমি এক বাক্যেই বিয়ে করবো তারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









