হুসনুল ইবাদাহ বা ইবাদতকে সুন্দর করার প্রতি কুরআন ও হাদিসে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। হুসনুল ইবাদাহ বা ইবাদতকে সুন্দর করা বলতে বোঝায়, ইবাদতকে পরিপূর্ণভাবে, সর্বোত্তম পদ্ধতিতে ও যথাযথভাবে আদায় করা।
রাসূলুল্লাহ (সা.) জিবরিল (আ.)–এর ইহসান সম্পর্কে প্রশ্নের জবাবে এ অর্থেরই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে, যেন তুমি তাঁকে দেখছ। আর যদি তুমি তাঁকে দেখতে না পাও, তবে (বিশ্বাস রাখবে যে) তিনি অবশ্যই তোমাকে দেখছেন।’ (বুখারি, হাদিস: ৫০)
অর্থাৎ বান্দা যেন সর্বোচ্চ আন্তরিকতা, একাগ্রতা ও আল্লাহর তত্ত্বাবধানের অনুভূতি নিয়ে ইবাদত করে। মানুষকে শুধু ইবাদতের সংখ্যায় দ্বারা নয়; বরং তার গুণগত মান, আন্তরিকতা ও উৎকর্ষ দ্বারা পরীক্ষা করা হয়। আল্লাহ তাআলা বলেন, ‘তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তিনি পরীক্ষা করেন, তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে সর্বোত্তম।’
(সূরা: আল-মুলক, আয়াত: ২)
মহান আল্লাহ আরো বলেন, ‘যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আমি কখনো সেই ব্যক্তির প্রতিদান নষ্ট করি না, যে উত্তম আমল করে।’ (সূরা: আল-কাহফ, আয়াত: ৩০)
ইবাদত সুন্দরভাবে করার তিনটি শর্ত
১. ইখলাস (নির্ভেজাল আন্তরিকতা): ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে; লোক-দেখানো (রিয়া) ও সুনাম অর্জনের বাসনা (সুমআ) থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে।
কারণ আল্লাহ শুধু সেই আমলই কবুল করেন, যা একান্তভাবে তাঁর জন্য করা হয়।
২. রাসূলুল্লাহ (সা.)–এর সুন্নাহ অনুসরণ: ইবাদত অবশ্যই রাসূলুল্লাহ (সা.)–এর শেখানো পদ্ধতি অনুযায়ী হতে হবে। তিনি বলেছেন, ‘যে ব্যক্তি এমন কোনো আমল করবে, যা আমাদের নির্দেশনার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত।’ (বুখারি, হাদিস: ২৬৯৭)। এ শর্ত পূর্ণতা পায় তখনই, যখন বান্দা অনুভব করে যে আল্লাহ সর্বদা তাকে দেখছেন।
৩. ইবাদতের সঠিক জ্ঞান ও উপলব্ধি: ইবাদতের বিধান, উদ্দেশ্য, তাৎপর্য ও অন্তর্নিহিত শিক্ষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। শুধু অভ্যাসবশত নয়, বরং বুঝে-শুনে ও সচেতনভাবে ইবাদত করতে হবে।
ইবাদত উন্নত করার কিছু বাস্তব উপায়
ইবাদত উন্নত করার বাস্তব উপায় হলো পর্যাপ্ত ইসলামী শরিয়তের জ্ঞান অর্জন করা; ইবাদতের সঠিক নিয়ম ও পদ্ধতি শেখা; কুরআন তিলাওয়াতের সময় অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা করা। খুশু ও একাগ্রতার সঙ্গে নিয়মিত কুরআন পড়া এবং অল্প হলেও নিয়মিত নেক আমল করা।
একই ইমামের পেছনে দুজন ব্যক্তি একই সালাত আদায় করেও তাদের সওয়াবের পার্থক্য আসমান-জমিনের মতো হতে পারে। বাহ্যিকভাবে তাদের সালাত এক হলেও একজন তার সালাতকে যত্ন সহকারে, খুশু ও আন্তরিকতার সঙ্গে আদায় করেছে আর অন্যজন অবহেলা করেছে। এ কারণেই তাদের প্রতিদানেও বিশাল পার্থক্য সৃষ্টি হয়। আম্মার ইবন ইয়াসির (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তি সালাত শেষ করে ফিরে যায়, অথচ তার জন্য কখনো সালাতের এক-দশমাংশ, কখনো এক-নবমাংশ, কখনো এক-অষ্টমাংশ, কখনো এক-সপ্তমাংশ, কখনো এক-ষষ্ঠাংশ, কখনো এক-পঞ্চমাংশ, কখনো এক-চতুর্থাংশ, কখনো এক-তৃতীয়াংশ, আবার কখনো অর্ধেক সওয়াবই লেখা হয়।’
(আবু দাউদ, হাদিস: ৭৯৬)
বিদায়ী ব্যক্তির মতো সালাত আদায়ের দ্বারা ইবাদত আরো সুন্দর হয়। রাসূলুল্লাহ (সা.) একজন সাহাবিকে উপদেশ দিয়েছিলেন—‘বিদায়ী ব্যক্তির সালাত আদায় করো।’
(ইবনে মাজাহ, হাদিস: ৪১৭১)। অর্থাৎ এমনভাবে সালাত পড়ো, যেন এটাই জীবনের শেষ সালাত। এ অনুভূতি মানুষকে সালাতে বেশি মনোযোগী, আন্তরিক ও যত্নশীল করে তোলে।নফল ইবাদত ফরজের ঘাটতি পূরণ করে এবং নফলের দ্বারা ফরজ আরো সুন্দরভাবে গৃহীত হয়।
আল্লাহ তাআলা ফরজ ইবাদতের ঘাটতি পূরণের জন্য নফল ইবাদতের ব্যবস্থা করেছেন। যেমন—
ফরজ সালাতের সঙ্গে সুন্নতে মুয়াক্কাদা। বিভিন্ন সময়ে নফল আমল ইত্যাদি। এসব নফল আমল ফরজের অপূর্ণতা পূরণ করে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন—‘দেখো, আমার বান্দার কোনো নফল আমল আছে কি না। থাকলে তা দিয়ে তার ফরজের ঘাটতি পূরণ করো।’ (আবু দাউদ, হাদিস: ৮৬৪)
সুন্দরভাবে ইবাদত পালনের জন্য দোয়া
রাসূলুল্লাহ (সা.) মুআজ ইবনে জাবাল (রা.)–এর হাত ধরে বলেছিলেন—‘হে মুআজ! আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি। তাই তোমাকে উপদেশ দিচ্ছি—প্রত্যেক ফরজ সালাতের পর কখনো এ দোয়াটি পড়া ছেড়ে দেবে না : ‘হে আল্লাহ! আমাকে আপনার স্মরণ, আপনার কৃতজ্ঞতা এবং আপনার সর্বোত্তম ইবাদত করার তাওফিক দিন।।’ (আবু দাউদ, হাদিস: ১৫২২)
এই দোয়া আমাদের শিক্ষা দেয় যে সুন্দরভাবে ইবাদত করার তাওফিকও আল্লাহর পক্ষ থেকেই আসে।
পরিশেষে সঠিক নিয়মে, একনিষ্ঠতার সঙ্গে, সুন্নাহ অনুযায়ী, বুঝে-শুনে এবং খুশুক্ষুজুর সঙ্গে ইবাদত করাই মূল লক্ষ্য। আর এটাই হলো হুসনুল ইবাদাহ বা সুন্দর ইবাদত।
লেখক : উম্মে আহমাদ ফারজানা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









