দেশের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়ন, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ মতবিনিময় সভা।
সোমবার (১৫ জুন) রাজধানীর ‘আলোক মাদার এন্ড চাইল্ড কেয়ার’ প্রাঙ্গণে ‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধানগণ, কনসালট্যান্ট, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন স্বনামধন্য প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা এই আয়োজনে অংশ নেন।
মতবিনিময় সভায় বর্তমান স্বাস্থ্যসেবা কার্যক্রমের বাস্তব চিত্র এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেবার মানোন্নয়ন ও রোগীর চিকিৎসা পাওয়ার অভিজ্ঞতাকে কীভাবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করা যায়, তা নিয়ে আলোকপাত করেন বক্তারা।
সভায় আলোচকেরা মূলত তিনটি বিষয়ের ওপর সবচেয়ে বেশি জোর দেন এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। এছাড়া স্বাস্থ্যখাতের বর্তমান সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠে সেবা প্রক্রিয়াকে গতিশীল করতে কাজ করার অঙ্গীকার করেন। এছাড়া শুধু বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে না দেখে, প্রতিটি রোগীর সাথে মানবিক ও সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে এক উন্মুক্ত প্রশ্নোত্তর ও সংলাপ অনুষ্ঠিত হয়। এই পর্বে স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক, জনসচেতনতা বৃদ্ধি এবং আলোক হেলথকেয়ারের আগামী দিনের পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হাসপাতালের দায়িত্বশীলেরা। সাংবাদিক ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যকার এই গঠনমূলক সংলাপটিকে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে অবিহিত করেন উপস্থিত ব্যক্তিবর্গ।
আলোক হেলথকেয়ারের অঙ্গীকার: আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষের মতে, উন্নত স্বাস্থ্যসেবা কেবল রোগ নিরাময়ের মাধ্যম নয় এটি মূলত মানুষের আস্থা অর্জন, মানবিকতা প্রদর্শন এবং ভবিষ্যতের প্রতি একটি সামাজিক দায়বদ্ধতা। প্রতিষ্ঠানটি আগামী দিনগুলোতে দেশের সাধারণ মানুষের জন্য আরও আধুনিক, মানসম্মত এবং সাশ্রয়ী মূল্যে রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। সমাপনী বক্তব্যে আয়োজকেরা উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং দেশের স্বাস্থ্যখাতের টেকসই উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









